১৭ আগস্ট দেশে ফেরার পর থেকেই আলোচনায় আছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। রোববার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে দেখা করেছেন তিনি।
মাস দুয়েক আগে যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকার জন্য গ্রিনকার্ডও পেয়েছেন শাকিব খান। অপেক্ষায় আছেন মার্কিন নাগরিকত্ব পাওয়ার। এরই মাঝে ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ নিয়ে নানা প্রশ্ন জেগেছে ভক্তদের মাঝে।
তবে সাকিব জানিয়েছেন চলচ্চিত্র ও সংস্কৃতিসহ বেশকিছু বিষয় নিয়ে মতবিনিময় করেছেন তারা। রোববার (২৮ আগস্ট) নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে দোরাইস্বামীর সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন তিনি।
ফেসবুকে সাকিব জানান, “ভীষণ ফলপ্রসূ একটা সকাল ছিল গতকাল, ঢাকায় নিযুক্ত ভারতের মান্যবর রাষ্ট্রদূত জনাব বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে। সৌজন্যমূলক সেই সাক্ষাতে শিল্প, সাহিত্য, চলচ্চিত্র এবং সংস্কৃতি নিয়ে আপনার সঙ্গে মতবিনিময় ভীষণ উপভোগ করেছি। আশা করি আমাদের এমন আরও সাক্ষাৎ হবে।”
ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার সিনেমা ভাইজান এলো রে (২০১৮) ও শিকারি (২০১৬) সহ বিভিন্ন সিনেমার কারণে কলকাতায় শাকিব খানের অনেক ভক্ত রয়েছে। তাই ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ নতুন কোন ভারতীয় বাংলা সিনেমায় অভিনয়ের সংকেত কিনা তা নিয়ে নানা জল্পনা কল্পনা দেখা দিয়েছে।
নয় মাস যুক্তরাষ্ট্রে থাকার পর গত ১৭ আগস্ট বাংলাদেশে ফিরে আসেন এই সুপারস্টার। শাকিব খান প্রাথমিকভাবে ২০২১ সালের ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সেখানে তিনি তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে ‘রাজকুমার’ ছবির ঘোষণা দেন। আগামী সেপ্টেম্বরে শাকিব খান সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘মায়া’-এর শুটিং শুরু করবেন।


























