কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু, গিয়েছিলেন চিকিৎসার জন্য। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে এক শিশুও রয়েছে। কলকাতায় তারা চিকিৎসার জন্য গিয়েছিলেন বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
যে হোটেলটিতে আগুন লেগেছে সেটির অবস্থান শহরের অন্যতম ব্যস্ত ও জনবহুল এলাকা নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটে।
প্রাথমিক প্রতিবেদন থেকে জানা গেছে, একটি এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের কারণে আগুন লেগে থাকতে পারে। যদিও অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
খবরে বলা হয়েছে, রাত দুইটার দিকে ঘটে এই অগ্নিকাণ্ডের ঘটনা। এ সময় সেখানে অনেকেই আটকে পড়েন। তাদের উদ্ধারে চালানো হয় অভিযান।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআইয়ের তথ্য মতে, ওই হোটেলের অগ্নিকাণ্ডে মৃত সবাই বাংলাদেশি। তারা চিকিৎসার জন্য এসেছিলেন।
পুলিশের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ঘন ধোঁয়ার কারণে কঠিন হয়ে পড়েছিল দমকলকর্মীদের সিঁড়ি বেয়ে ওপরের তলাগুলোতে পৌঁছানো। এখন পর্যন্ত নয়জনের মৃত্যু হলেও এ সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।
‘আটকে পড়াদের উদ্ধার এবং আগুন লাগার কারণ নির্ণয় করা আমাদের অগ্রাধিকার’, যোগ করেন এই পুলিশ সদস্য। তিনি জানান, আগুন নিভিয়ে ফেলা হয়েছে।
এর আগে মাত্র দুই দিন আগে পশ্চিমবঙ্গের বীরভূমে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ওই ঘটনায় অন্তত আটজনের মৃত্যু হয়েছিল।
দীর্ঘদিন ধরে বাংলাদেশি রোগীদের অন্যতম গন্তব্যস্থল ভারত। কলকাতাসহ দেশটির বিভিন্ন শহরে চিকিৎসা নেন এসব রোগী। তবে জুলাই গণঅভ্যুত্থানের পর ভিসা জটিলতা ও কড়াকড়ির কারণে ভারতে যাওয়া কিছুটা কমেছিল।
সম্প্রতি বাংলাদেশিদের জন্য প্রায় দুই বছর বন্ধ থাকা ট্যুরিস্ট ভিসা চালু করেছে নয়াদিল্লি। এরপর ভিসা কার্যক্রম স্বাভাবিক হয়ে আসে। এরমধ্যে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

























