ডিভোর্সের গুজবে ক্ষুব্ধ গোবিন্দ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৬, ০৩:৪৩ পিএম
ডিভোর্সের গুজবে ক্ষুব্ধ গোবিন্দ

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনিতা আহুজার দীর্ঘ বৈবাহিক সম্পর্কের টানাপড়েন এখন টক অব দ্য টাউন। কিন্তু এই পারিবারিক বিতর্ককে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে ভুয়া খবর, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ডিপফেক ভিডিও ও মানহানিকর তথ্য ছড়ানো হচ্ছে, তাতে চরম ক্ষেপেছেন এ অভিনেতা।

কড়া পদক্ষেপ হিসেবে এবার সংবাদমাধ্যম, ইউটিউব চ্যানেল ও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরদের উদ্দেশে আইনি নোটিস জারি করেছেন গোবিন্দ। তার ও তার পরিবারের বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ালে ১০০ কোটি রুপি পর্যন্ত আইনি ক্ষতিপূরণ দাবির হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

অভিনেতার পক্ষ থেকে জারি করা এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে— অনুমতি ছাড়া গোবিন্দর নাম, ছবি, কণ্ঠস্বর কিংবা তার পারিবারিক বিষয় নিয়ে কোনো প্রকার বিকৃত, এআই-জেনারেটেড ডিপফেক বা অসত্য তথ্য প্রকাশ করা যাবে না।

ভারতীয় ন্যায় সংহিতা (২০২৩) এবং তথ্য প্রযুক্তি আইন (২০০০)-এর অধীনে দেওয়ানি ও ফৌজদারি মামলা ঠুকে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে নোটিসে। এতে বলা হয়, নির্দেশ অমান্যকারীদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ, সম্পত্তি লেনদেন বন্ধ এবং পাসপোর্ট স্থগিত করার মতো কঠোর ব্যবস্থার জন্য আদালতের দ্বারস্থ হবেন গোবিন্দ।

কয়েক দিন আগেই গোবিন্দ ও তার স্ত্রী সুনিতার দীর্ঘ দাম্পত্য বিচ্ছেদের গুঞ্জন নতুন করে চাঙা হয়ে ওঠে, যখন বান্দ্রা ফ্যামিলি কোর্টে করা ডিভোর্সের আবেদন প্রত্যাহার করে নেন সুনিতা। পরে বিতর্কিত মডেল রাখী সাওয়ান্তের সঙ্গে এক অডিও কলে বিস্ফোরক দাবি করেন সুনিতা আহুজা।

সুনিতার দাবি, গোবিন্দ নাকি তার সহঅভিনেত্রী কোমল রানি স্বর্ণকারকে বিয়ে করার তোড়জোর করছিলেন! তিনি জানতে পারেন, বিচ্ছেদ সম্পন্ন হলেই নাকি দ্বিতীয় বিয়ের পিঁড়িতে বসবেন এই তারকা। আর সেই বিয়ে আটকানোর উদ্দেশ্যেই তাড়াহুড়ো করে আদালতের মামলা তুলে নিয়েছেন তিনি।


তবে সুনিতার এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে উড়িয়ে দিয়েছে গোবিন্দর পিআর টিম। তার ম্যানেজার শশী সিনহা জানিয়েছেন, গোবিন্দর দ্বিতীয় বিয়ের কোনো পরিকল্পনাই নেই এবং কোমল রানি শুধুই তার একজন পেশাদার সহ-অভিনেত্রী। সুনিতাই গোবিন্দর একমাত্র স্ত্রী এবং পারিবারিক বিষয়গুলোকে সামাজিকমাধ্যমে নোংরাভাবে উপস্থাপনের কঠোর সমালোচনা করেন তিনি।

গত কয়েক মাস ধরেই গোবিন্দর পারিবারিক জীবন নিয়ে নানা ধরনের চটুল ও এআই-সম্পাদিত কনটেন্ট সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, যার চূড়ান্ত ইতি টানতেই এবার সরাসরি আইনি লড়াইয়ের পথ বেছে নিলেন এই বলিউড অভিনেতা।

Link copied!