ডারউইনে ৯ উইকেটের জয়ের সুখস্মৃতি নিয়ে প্রায় ৩ হাজার কিলোমিটার দূরের ম্যাকেতে পোঁছে গেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ২২ আগস্ট এই ভেন্যুতেই শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
দলের সঙ্গে আছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। ক্লান্তি জড়ানো কন্ঠে তিনি জানালেন, ‘ সকাল সাড়ে ৫টায় হোটেল (ডারউইনে) থেকে চেকআউট করেছি, ৭টায় ছিল ফ্লাইট। ফ্লাইট খুব একটা লম্বা ছিল না তবে সরাসরি ফ্লাইট না থাকায় ফ্লাইট বদল আর দুটো ফ্লাইটের মাঝে লম্বা সময়ের অপেক্ষা, সব মিলিয়ে সফরটা দীর্ঘ হয়ে গেছে। এখানে রাত সাড়ে আটটার দিকে সবাই হোটেলে পৌঁছেছি, সবাই খুব ক্লান্ত। খুব লম্বা একটা দিন গেছে।‘ উত্তরের ডারউইন থেকে খানিকটা দক্ষিণ পূর্বে কুইন্সল্যান্ডের গ্রেট ব্যারিয়ার রিফের কাছাকাছি ম্যাকে শহরের আবহাওয়া একটু ঠান্ডার দিকেই, বললেন হাবিবুল, ‘ আসলে এয়ারপোর্ট থেকে বের হয়ে হোটেলে চলে এসেছি, আবহাওয়া খুব একটা টের পাইনি। তবে যতটুকু বুঝলাম, ডারউইনের চেয়ে একটু ঠান্ডা, অতটা গরম না।‘
গ্রেট ব্যারিয়ার রিফের ম্যাকে স্টেডিয়ামে ১৯৯২ বিশ্বকাপের একটি ম্যাচ হয়েছিল, এরপর ২০২৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ভেন্যুতে দুটো ওয়ানডে খেলেছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এছাড়াও নারীদের কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ হলেও এখানে টেস্ট হয়নি আগে, অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হবে ম্যাকে’র, তখন এই ভেন্যুটি হবে অস্ট্রেলিয়ার দ্বাদশ টেস্ট ভেন্যু।

































