কারা অধিদপ্তরে ফের দায়িত্ব পাচ্ছেন শামসুল হায়দার সিদ্দিকী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৬, ০১:৩৯ পিএম
কারা অধিদপ্তরে ফের দায়িত্ব পাচ্ছেন শামসুল হায়দার সিদ্দিকী

কারা অধিদপ্তরে ফের নতুন দায়িত্বে আসছেন সাবেক ডিআইজি (প্রিজন্স) মেজর (অব.) শামসুল হায়দার সিদ্দিকী। ওয়ান ইলেভেনের সময় নানাভাবে আলোচনায় আসা সাবেক এই সেনা কর্মকর্তাকে কারা অধিদপ্তরে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে বলে সূত্র নিশ্চিত করেছে।

তবে আজ শুক্রবার সকালে আগামীর সময়কে শামসুল হায়দার সিদ্দিকী বলেছেন, আগামী রবিবার কারা অধিদপ্তরে কারা মহাপরিদর্শক আমন্ত্রণ জানিয়েছেন। এর বাইরে আমি আর কিছু জানি না। তবে বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনের আগেই আমাকে দেশের জন্য কাজ করার কথা বলেছিলেন।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, কারাগারে পরামর্শক হিসেবে নিয়োগের প্রস্তাবনা রয়েছে বলে শুনেছি। তবে তা অবশ্যই কারা মহাপরিদর্শকের কর্মকাণ্ডে বাঁধার কারণ যেন না হয়, তা আমি জানিয়েছি। এ নিয়ে আরও আলোচনা হবে আইজি প্রিজনের সঙ্গে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের সংশ্লিষ্ট নীতিনির্ধারণী সূত্র জানিয়েছে, কারাগারের মতো স্পর্শকাতর বিভাগে একজন দক্ষ মানবিক কর্মকর্তাকে নিয়োগ দিতে আগ্রহী সরকার। সরকারের উচ্চ পর্যায়ের সবুজ সংকেতের ভিত্তিতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

ওয়ান-ইলেভেনের সময় রাজনৈতিক বন্দী ও সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা সাব-জেলে বন্দী থাকাকালে দায়িত্ব পালন করে আলোচনায় আসেন শামসুল হায়দার সিদ্দিকী। পরবর্তীতে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে জেল কোড লঙ্ঘনের অভিযোগে তাকে সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়।

Link copied!