যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘সোনা’ নামের একটি রেস্তারাঁর মালিক বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু উদ্বোধনের পর ব্যস্ততার কারণে নিউইয়র্কে থাকতে পারেননি এই বলিউড সুন্দরী। তাই নিজের রেস্তারাঁর কোনো খেয়াল রাখতে পারেননি। তবে এবার সময় বের করে নিজের রেস্তোরাঁয় বসে পেট ভরে খাবার খেলেন তিনি।
ইনস্টাগ্রাম স্টোরিতে প্রিয়াঙ্কার শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর সামনে টেবিলে সাজানো রয়েছে একাধিক খাবার। ক্যাপশনে তিনি লিখেছেন, “দ্য আমেজিং সোনা এক্সপেরিয়েন্স, ফাইনালি।” সঙ্গে হার্ট ইমোজিও জুড়ে দেন তিনি।
চিংড়ির পাকোড়া, চাটনিসহ ধোসা, ফুচকা সাজানো রয়েছে প্লেটে। খাওয়ার সময় প্রিয়াঙ্কাকে সঙ্গ দিয়েছিলেন তার বেশ কজন বন্ধু। তারা সবাই বেশ মজা নিয়েই ফুচকার স্বাদ নেন। অ্যালকোহল দিয়ে পানিপুরির টেস্টি কম্বিনেশনও রয়েছে প্রিয়াঙ্কার রেস্তোরাঁয়।
এদিকে সম্প্রতি ব্রিটেনে জনপ্রিয় সিরিজ ‘সিটাডেল’ ও সিনেমা ‘টেক্সট ফর ইউ দেয়ার’র কাজ শেষ করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।
































