এত দিন গুঞ্জন ছিল যে সোহম শাহর জনপ্রিয় ছবি ‘তুমবাড’-এর সিকুয়েলে আলিয়া ভাট অভিনয় করবেন। এবার এই খবরে সিলমোহর দিলেন নির্মাতারা। প্রথম আলোকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয় যে এবার আনুষ্ঠানিকভাবে ‘তুমবাড ২’-এর সঙ্গে যুক্ত হয়েছেন আলিয়া। এর আগে এই ছবিতে নওয়াজুদ্দিন সিদ্দিকীর যোগ দেওয়ার ঘোষণা এসেছিল। এবার নির্মাতারা জানিয়েছেন, ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন আলিয়া।
‘তুমবাড ২’-এর সঙ্গে যুক্ত হওয়ার প্রসঙ্গে আলিয়া নিজের উচ্ছ্বাস জাহির করে বিবৃতিতে বলেছেন, ‘প্রথমবার ‘তুমবাড’ দেখার পর থেকেই ছবিটি আমার মনে গভীরভাবে গেঁথে আছে। খুব কম চলচ্চিত্রই এমন একটি জগৎ তৈরি করতে পারে, যা দর্শককে পুরোপুরি নিজের ভেতরে টেনে নেয়। আরও কম ছবি আছে, যেগুলো মুক্তির বহু বছর পরও মানুষের মন ও স্মৃতিতে অমলিন থেকে যায়। তাই সেই জগতের অংশ হতে পারা আমার জন্য সত্যিই খুব বিশেষ।’
জাহির আরও বলেন, ‘সোহম শাহ এবং নওয়াজুদ্দিন সিদ্দিকীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি ভীষণ উচ্ছ্বসিত। দীর্ঘদিন ধরেই তাঁদের অভিনয়ের ভক্ত আমি। অনেক দিন ধরে এমন একটি চরিত্রের অপেক্ষায় ছিলাম, যা “তুমবাড”-এর মতো রহস্যময় ও স্মরণীয় গল্পের অংশ হবে। আমরা সবাই মিলে যা তৈরি করেছি, তা দর্শকদের সামনে তুলে ধরার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
‘তুমবাড ২’ ছবির মাধ্যমে প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা যাবে আলিয়া ভাট, সোহম শাহ ও নওয়াজুদ্দিন সিদ্দিকীকে। অভিনেতা ও প্রযোজক সোহম শাহ বলেন, আলিয়ার যুক্ত হওয়ায় পুরো দল উচ্ছ্বসিত। তাঁর বিশ্বাস, এই ছবিতে দর্শক আলিয়াকে একেবারে নতুন রূপে দেখতে পাবেন।
‘তুমবাড ২’ ছবির প্রযোজক জয়ন্তিলাল গাডা জানান, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ এবং ‘আরআরআর’-এর পর আলিয়ার সঙ্গে এটি তাঁর তৃতীয় প্রকল্প।
সোহম শাহ ফিল্মস ও পেন স্টুডিওস যৌথভাবে প্রযোজনা করছে ‘তুমবাড ২’। ছবিটি পরিচালনা করছেন আদেশ প্রসাদ। এটি চলতি বছরের ৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।
২০১৮ সালে মুক্তি পাওয়া ‘তুমবাড’ ভারতীয় লোককাহিনি ও ফ্যান্টাসিভিত্তিক ভৌতিক আবহের জন্য ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। মুক্তির পর ধীরে ধীরে এটি কালজয়ী ছবির মর্যাদা পায়। গত বছর পুনর্মুক্তির সময়ও ছবিটি দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছিল।







































