প্রতারণার শিকার আলোচিত র্যাপার কার্ডি বি। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লাইভে এসে কার্ডি বি জানান, তাঁর আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড হারিয়ে যাওয়ার পর অজ্ঞাতনামা ব্যক্তিরা সেটি ব্যবহার করে বাংলাদেশি প্রায় ৭৩ লাখ টাকা (৬০ হাজার ডলার) খরচ করে ফেলেছেন। অভিযোগ অনুযায়ী, এই টাকার বড় অংশ খরচ হয়েছে বিলাসবহুল ব্র্যান্ডের পোশাক কিনতে। আর বাকি টাকা খরচ হয়েছে প্রযুক্তিপণ্য কেনাকাটায়।
ঘটনাটি সামনে আসার পর থেকেই ক্ষুব্ধ কার্ডি বি সরাসরি হুঁশিয়ারি দেন, যাঁরা এই কাজ করেছেন, তাঁদের তিনি আইনের আওতায় আনবেন। লাইভে তিনি বলেন, ‘আমার টাকার ব্যাপারে আমি কোনো ছাড় দিই না।’
কার্ডি বি ব্যাখ্যা করেন, তাঁর ক্রেডিট কার্ডটি ফোনের সঙ্গে সংযুক্ত থাকায় প্রতিটি লেনদেনের নোটিফিকেশন তিনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। প্রথমে বড় অঙ্কের কেনাকাটা দেখে তিনি ভেবেছিলেন, হয়তো তাঁর টিমের কেউ ব্যবহার করেছে। কিন্তু অল্প সময়ের মধ্যে দ্বিতীয়বার বড় অঙ্কের লেনদেনের নোটিফিকেশন আসতেই সন্দেহ নিশ্চিত হয়।
এরপর দ্রুত কার্ডটি ব্লক করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জানানো হয়। তবে ততক্ষণে বিপুল পরিমাণ অর্থ খরচ হয়ে গেছে। কার্ডি বি দাবি করেন, তাঁর কাছে সিসিটিভি ফুটেজ রয়েছে, যেখানে কয়েক ব্যক্তিকে তাঁর কার্ড ব্যবহার করতে দেখা গেছে। এমনকি এটিএম থেকেও টাকা তোলার চেষ্টা করেছেন তাঁরা।
ঘটনাটি শুধু একজন তারকার ব্যক্তিগত ক্ষতির গল্প নয়, বরং আধুনিক ডিজিটাল যুগে আর্থিক নিরাপত্তা কতটা ঝুঁকির মধ্যে, তারও একটি বড় উদাহরণ। কোটি কোটি ডলারের মালিক হয়েও প্রতারণা থেকে রেহাই পাননি কার্ডি বি। যা দেখায়, প্রযুক্তির সুবিধার পাশাপাশি ঝুঁকিও সমানতালে বাড়ছে।
গ্র্যামি জয়ী এই শিল্পী, যাঁর আসল নাম বেলকালিস মার্লেনিস আলমানজার। ইতিমধ্যেই সংগীতজগতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। ‘বোডাক ইয়েলো’, ‘আই লাইক ইট’-এর মতো হিট গান তাঁকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তুলেছে।
বিবিসি অবলম্বনে




































