হবু পুত্রবধূর কাছে বিজয়ের মা-বাবার দুই শর্ত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০২:৩৫ পিএম
হবু পুত্রবধূর কাছে বিজয়ের মা-বাবার দুই শর্ত

দীর্ঘ পাঁচ বছর পর আনুষ্ঠানিকভাবে গাঁটছড়া বাঁধতে চলেছেন দক্ষিণী তারকাযুগল বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা। সূত্র জানায়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজস্থানের লেকসিটি উদয়পুরে পৌঁছেন তারা। এরই মধ্যে শুরু হয়েছে বিবাহ-পূর্ব বিভিন্ন ধরনের আচার-অনুষ্ঠান। 

সোশ্যাল মিডিয়ায় তারকাযুগলের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে ভক্তমহলে উচ্ছ্বাস তুঙ্গে। কখনো পুলের ধারে সারি সারি গ্লাস সাজানো ছবি, কখনো আবার আলো-আঁধারি নৈশভোজের ঝলক-সব মিলিয়ে বিয়ের আমেজ স্পষ্ট। জনপ্রিয় এই তারকাযুগলের বিয়েকে ঘিরে সামনে এসেছে এক পুরোনো সাক্ষাৎকারের প্রসঙ্গও।

২০১৮ সালে বিজয়-রাশমিকা জুটির প্রথম সিনেমা গীত গোবিন্দম তখন বক্স অফিসে ঝড় তুলেছে। সেই সময় এক সাক্ষাৎকারে বিজয়ের মা মাধবী দেবরকোন্ডাকে প্রশ্ন করা হয়েছিল, পুত্রবধূর মধ্যে কী কী গুণ দেখতে চান তিনি। উত্তরে তিনি জানিয়েছিলেন, “আমি চাই আমার পুত্রবধূ আমার ছেলের খেয়াল রাখবে। নিঃশর্ত ভালবাসায় ভরিয়ে রাখবে তাকে। আর যদি পাত্রী দক্ষিণ ভারতীয় হয়, তা হলে তো আরও ভালো।”

অনুরাগীদের মতে, সেই ইচ্ছাই পূরণ হতে চলেছে। শোনা যাচ্ছে, বিজয়-রাশমিকার বিয়ের যাবতীয় অনুষ্ঠানই হবে দক্ষিণ ভারতীয় রীতিনীতি মেনে। অতিথিদের স্বাগত জানানো হবে নারিকেলের পানি দিয়ে। সেই পানি দিয়েই হবে শুদ্ধিকরণ পর্ব। খাবারের মেনুতেও থাকবে দক্ষিণ ভারতীয় পদ, পরিবেশন করা হবে ঐতিহ্য মেনে কলাপাতায়।
তবে এখনো পর্যন্ত বিয়ের আনুষ্ঠানিক ছবি প্রকাশ্যে আসেনি। ফলে তারকাযুগল কবে একসঙ্গে বিয়ের সাজে ধরা দেবেন, সে অপেক্ষাতেই দিন গুনছেন ভক্তরা।

Link copied!