ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করেছে ১০.৭৬ শতাংশ শিক্ষার্থী।
বুধবার (৩ নভেম্বর) দুপুরে ফল প্রকাশ করা হয়।
ঢাবি কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) পরীক্ষা ১ অক্টোবর বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের মধ্য দিয়ে শুরু হয়। ঢাবির ভর্তি পরীক্ষায় এবার দ্বিতীয়বারের মতো নৈর্ব্যক্তিকের পাশাপাশি লিখিত অংশও ছিল।
‘ক’ ইউনিটে ১ হাজার ৮১৫ আসনের বিপরীতে ১ লাখ ১৭ হাজার ৯৫৭ শিক্ষার্থী ভর্তি পরীক্ষার আবেদন করেন। তবে পরীক্ষায় অংশ নেন ৯৪ হাজার ৫০৫ জন।
আজ (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে ফল প্রকাশ করা হয়। এতে পাস করেছেন ১০.৭৬ শতাংশ শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের ৮৯.২৪ শতাংশই অকৃতকার্য হয়েছেন। এই ইউনিটে গতবার পাসের হার ছিল ১৫ দশমিক ৯৩ শতাংশ।







































