কোটা আন্দোলন

জাবির সমন্বয়ক আরিফকে তুলে নেওয়ার প্রতিবাদে সমাবেশ


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৪, ০৪:৪৮ পিএম
জাবির সমন্বয়ক আরিফকে তুলে নেওয়ার প্রতিবাদে সমাবেশ
শহীদ স্মৃতিস্তম্ভের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি : প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার প্রতিবাদে সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

রোববার (২৮ জুলাই) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেসা হল সংলগ্ন নবনির্মিত শহীদ স্মৃতিস্তম্ভের সামনে শিক্ষকদের এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যা, তাদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানান শিক্ষকরা। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন বলেন, “কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশব্যাপী সাধারণ শিক্ষার্থী ও সাধারণ জনগণের ওপর হামলা হয়েছে। এখন আবার যেসব শিক্ষার্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের নিরাপত্তার কথা বলে তুলে নেওয়া হচ্ছে। তবে আমরা জানি, শিক্ষার্থীদের রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে। আমরা শিক্ষার্থী ও সাধারণ জনগণের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা বলেন, “সারা দেশে যা ঘটে যাচ্ছে, তাতে আমরা ভীষণভাবে মর্মাহত।”

এ সময় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস প্রমুখ।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!