করোনার প্রকোপ হ্রাস পাওয়ায় দীর্ঘ দেড় বছর পর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আবাসিক হলসমূহ স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হয়েছে।
রোববার (৩১ অক্টোবর) নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলমের উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়।
শিক্ষার্থীদের হলে বরণ করে নিতে বিভিন্ন আয়োজন করেন হল কর্তৃপক্ষ। ফুল, বিশ্ববিদ্যালয়ের লোগো সংবলিত মাক্স, কলম, চাবির রিং, মিষ্টি ইত্যাদি দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
দীর্ঘদিন পর হলে ফিরে আব্দুল মালেক উকিল হলের আবাসিক শিক্ষার্থী ইমরান হোসাইন বলেন, “অনেক দিন পর হলে ফেরার অনুভূতি সত্যি অন্য রকম। কয়েকবার নোয়াখালী আসা হলেও ক্যাম্পাসে থাকার যে এক মধুর পরিবেশ তা পাইনি। চাই আবার প্রাণ ফিরে আসুক নোবিপ্রবিতে। আড্ডা, গান ও কলরবে মাতুক ১০১ একর।”
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের শিক্ষার্থী ইরিনা আজাদ বলেন, “দীর্ঘ প্রতিক্ষার পর হলে ঢুকতে পেরে খুব আনন্দ লাগছে। অনেকের সাথে দীর্ঘ দিন পর দেখা হলো। অনেক দিন পর ক্যাম্পাস তার প্রাণ ফিরে পাইতেছে।”
এ বিষয়ে আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. মেহেদী হাসান রুবেল বলেন, “দীর্ঘদিন পর শিক্ষার্থীদের মাধ্যমে আমাদের শূন্যস্থান পূরণ হয়েছে এবং হল পরিপূর্ণ হয়ে আজ প্রাণ ফিরে পেয়েছে, আমরা খুবই আনন্দিত। শীতকাল সামনে রেখে শিক্ষার্থীদের বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা করে রাখা হয়েছে। আনন্দের সাথে হলে থাকতে পারবে শিক্ষার্থীরা।”
তিনি আরও বলেন, “আমি মনে করি হলে ওঠার পর কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে আমাদের সচেতন শিক্ষার্থীরা যথাযথ স্বাস্থ্যবিধি সব সময় মেনে চলবে।”
বঙ্গমাতা হলের প্রভোস্ট মো. শাহীন কাদির ভূঁইয়া বলেন, “হল কর্তৃক নির্ধারিত নিয়মে শিক্ষার্থীরা এসে হলে উঠেছে। আবাসিক ছাত্রীরদের স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য সকল ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।”
প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, করোনা সংক্রমণ কমে আসায় আজ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া হলো, সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা আজ হলে প্রবেশ করবে। এক্ষেত্রে অবশ্যই ডিসিপ্লিন মেনে শিক্ষার্থীদের চলাফেরা করতে হবে।
এসময় হল খোলার পরে শিক্ষার্থীদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার ওপর গুরুত্বারোপ করেন উপাচার্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সহ-সভাপতি ড. মো. আনিসুজ্জামান, সাধারণ সম্পাদক জনাব মো. মাজনুর রহমান, আইআইএস এর পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. মো. মেহেদী হাসান রুবেলসহ ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।






































