আগামী সপ্তাহ থেকে বাড়ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাসের সংখ্যা। এই দুটি শ্রেণির ক্লাস সপ্তাহে এক দিন থেকে বাড়িয়ে দুই দিন করা হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) শ্রেণি দুটির পাঠদানের নতুন সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পাশাপাশি ২ অক্টোবর থেকে নতুন রুটিনে পাঠদান কার্যক্রম পরিচালনার জন্যও সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন রুটিন অনুযায়ী, তৃতীয় শ্রেণির ক্লাস হবে রোববার ও বৃহস্পতিবার এবং চতুর্থ শ্রেণির ক্লাস হবে শনিবার ও বুধবার। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর থেকে এই দুটি শ্রেণির ক্লাস হচ্ছিল সপ্তাহে এক দিন।
তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস এক দিন বাড়লেও প্রাথমিকের অন্যান্য শ্রেণির পাঠদান আগের মতো চলবে। প্রথম শ্রেণির ক্লাস আগের মতো মঙ্গলবার এবং দ্বিতীয় শ্রেণির ক্লাস সোমবার অনুষ্ঠিত হবে। এছাড়া পঞ্চম শ্রেণির ক্লাস আগের মতো সপ্তাহে ছয় দিনই অনুষ্ঠিত হবে।
করোনার সংক্রমণের কারণে দীর্ঘ দেড় বছর বন্ধের পর গত ১২ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়। শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও শিক্ষার্থীদের সুরক্ষার কথা চিন্তা করে আগের মতো স্বাভাবিক পাঠদান কার্যক্রম বন্ধ রাখা হয়। শুধু পঞ্চম শ্রেণি বাদে এত দিন অন্যান্য শ্রেণির ক্লাস সপ্তাহে এক দিন করে চলছিল।








































