জেলায় দু’টি আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল এবং ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো অংশ নেন।
এ সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, অবকাঠামোগত সীমাবদ্ধতা, কৃষি ও মৎস্য খাতের সম্ভাবনা, শিক্ষা ও স্বাস্থ্য খাতের মানোন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। এছাড়া নদীভাঙন রোধ, জলাবদ্ধতা নিরসন এবং পৌর ও গ্রামীণ অবকাঠামো শক্তিশালী করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
এ সভায় জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম, জেলার চারটি উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।







































