পিকআপের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, নিহত ৩


মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ১১:৩৬ এএম
পিকআপের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, নিহত ৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গভীর রাতে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। শুক্রবার দিবাগত রাত সোয়া একটার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল উপজেলার ভৈরববাজার এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা হলেন কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামের বাসিন্দা ও ওই অটোরিকশার চালক আলিনুর এবং মৌলভীবাজার শহরের দরগা মহল্লা এলাকার বাসিন্দা দুই যাত্রী রুবেল মিয়া ও রেহান মিয়া। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালক আলিনুর ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত দুই যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তারাও মৃত্যুবরণ করেন।

 

মৌলভীবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আরিফ জানান, হাসপাতালে আনার আগেই তিনজনের মৃত্যু হয়েছে, তিনটি মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছেন এবং এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!