সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, "কুমিল্লায় যা ঘটেছে, তার পেছনে বিএনপির হাত রয়েছে। আমি বিশ্বাস করি না কোনো হিন্দু ভাই আমাদের প্রাণের গ্রন্থ কোরআন শরীফ অবমানোনা করতে পারে। বিএনপি চোখে রঙ্গিন চশমা পড়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে ক্ষমতায় যাবার অপচেষ্টা চালাচ্ছে।"
শনিবার (১৬ অক্টোবর) সকালে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের বিশেষ অতিথি হিসাবে ভিডিও কনফারেন্স যুক্ত হয়ে মন্ত্রী এ মন্তব্য় করেন।
মন্ত্রী বলেন, "বিএনপি নেতারা সাম্প্রদায়িক সম্প্রীত নষ্ট করে শাখ দিয়ে মাছ ঢাকার চেষ্টা চালাচ্ছে। কিন্তু কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত করে দাঙ্গা লাগিয়ে পার পাবে না। সবাইকে আইনের আওতায় এনে সুষ্ঠ বিচার করে হবে।"
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেন, "আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলা থেকে কেউ এরকম কোনো প্রার্থীর নাম পাঠাবেন না, যাকে মনোনয়ন দিলে সেটা সাধারণ জনগণ ও দলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। নিজেদের পাল্লা ভারি করার জন্য কেউ এরকম অযোগ্য প্রার্থীর নাম সুপারিশ করবেন না।"
সাধারণ সম্পাদক আরও বলেন, "রাজবাড়ী থেকে অনেকেই দলীয় পদ পাওয়ার জন্য প্রত্যাশী রয়েছেন। আমি মনে করি, সবাই যোগ্য এবং সবাই দল কে সুসংগঠিত করার জন্য কাজ করেছেন। দলে অনেকেরই অবদান রয়েছেন। তবে আমাদেরকে একজনকেই সভাপতি এবং একজনকেই সাধারণ সম্পাদক নির্বাচিত করতে হবে।"
"আশা করব যেই পদে আসুক, আপনারা সবাই মিলে রাজবাড়ী আওয়ামীলীগকে শক্তিশালী করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন" বলেন ওবায়দুল কাদের।
সম্মেলনে বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেঃ কর্নেল (অবঃ) মুহাম্মদ ফারুক খান, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ এমপি, সাংগঠনিক সস্পাদক মির্জা আজম এমপি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সানজিদা খানম, আনোয়ার হোসেন, শাহাবুদ্দীন ফরাজী, সৈয়দ আব্দুল আউয়াল শামীম ও ইকবাল হোসেন অপু , রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী ,সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা।
সম্মেলনে সভাপতিত্ব করেন রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য জিল্লুর হাকিম এম.পি এবং সম্মেলন সঞ্চালনা করছেন জেলা আওয়ামীলীগের বর্তমান সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।
এদিকে সম্মেলনকে কেন্দ্র করে জেলার ৫ টি উপজেলা থেকে নেতাকর্মীরা সকালেই সম্মেলন স্থান শহীদ খুশি রেলওয়ে ময়দানে আসেন। সকালে জেলা শহরের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন কিছু সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কিছু কর্মী সমর্থক আহত হন।





































