• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

‘ডিসেম্বরের মধ্যে অর্ধেক মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে’


পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১, ০৫:২২ পিএম
‘ডিসেম্বরের মধ্যে অর্ধেক মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে’

স্বাস্থ্য সচিব মো. লোকমান হোসেন মিয়া বলেছেন, “আগামী ডিসেম্বরের মধ্যে দেশে অর্ধেকের বেশি মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে।”

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে এক মতবিনিময় সভায় স্বাস্থ্য সচিব এ কথা বলেন।

টিকা নিয়ে এখন কোনো সমস্যা নেই উল্লেখ করে স্বাস্থ্য সচিব বলেন, “প্রতি মাসে দুই থেকে আড়াই কোটি ডোজ টিকা আমারা পাচ্ছি। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আগামী ২৮ তারিখে আরও বড় পরিসরে আমরা টিকা দেওয়ার চেষ্টা করব।”

প্রধান অতিথির বক্তব্যে লোকমান হোসেন মিয়া আরও বলেন, “পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারের সংখ্যা খুবই কম। কিছুদিনের মধ্যে কমপক্ষে ৮০ শতাংশ ডাক্তারের শূণ্যপদ পূরণ করা হবে। নার্সের কোনো পদ শূণ্য থাকবে না।”

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মো. খুরশিদ আলম বলেন, “যোগ্য ডাক্তারের আজ বেশি প্রয়োজন। মানবিক ডাক্তার তৈরি করতে হবে।”

আগামী দিনের জন্য যোগ্য এবং মানবিক ডাক্তার তৈরিতে মেডিকেল কলেজের শিক্ষকদের আহ্বান জানান তিনি।

পরে সচিব ও মহাপরিচালক নির্মাণাধীন পটুয়াখালী মেডিকেল কলেজের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো.আবদুল মতিনের সভাপতিত্বে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস ও সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম শিপন।
 

Link copied!