নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু


নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১২, ২০২৩, ০৯:৪১ পিএম
নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নীলফামারীর ডিমলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে বৈশাখী আক্তার (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১২ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার কেয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বৈশাখী আক্তার সৈয়দপুর উপজেলার ঢেলাপীর বাজার এলাকার রাসেল ইসলাম ও লায়লা বেগমের মেয়ে।

স্থানীয়রা জানান, বিকেলে ৪-৫ জন শিশু একসঙ্গে বৃষ্টিতে ভেজার পর সবাই পুকুরে গোসল করতে নামে। এ সময় বৈশাখী পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে অন্য শিশুরা বাড়িতে গিয়ে জানালে তার নানা পুকুরে খোঁজাখুঁজি করে বৈশাখীকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফিরোজ সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমি তাদের বাড়িতে গিয়ে খোঁজ-খবর নিয়েছি। ঘটনাটি খুবই দুঃখজনক।”

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, “আমি ঘটনাটি শুনেছি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হবে।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!