কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সোহেল রানা নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন। তার পেটে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারী। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার (৩০ এপ্রিল) রাত ১২টার দিকে শহরের হোটেল মোটেল জোনের কলাতলীর জিয়া গেস্ট ইনের পাশের সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে কলাতলীর জিয়া গেস্ট ইনের পাশের সড়কে একা টহলে ছিলেন শহর পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানা। এ সময় সড়কের পাশে অন্ধকারে দাঁড়িয়ে থাকা তিন যুবককে সন্দেহ হলে তিনি তাদের কাছে পরিচয় জানতে চান। তাদের অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হলে তিনি ওই তিন যুবকের শরীর তল্লাশি করেন। এ সময় তাদের একজন সোহেল রানাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করেন। সেখান থেকে দুইজন পালিয়ে গেলেও ছুরিকাঘাত করা যুবককে ধরে ফেলেন আহত সোহেল রানা। পরে স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিক পুলিশের একটি টিম গিয়ে সোহেল রানাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সোহেল রানাকে ছুরিকাঘাত করা ছিনতাইকারীর নাম মিসবাউল হক মুন্না। তার বাড়ি টেকপাড়া এলাকায়। মুন্নাসহ তিনজনকে রাতেই আটক করা হয়েছে।




































