কিশোরগঞ্জের হোসেনপুরে ঈদের নামাজকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নজরুল ইসলাম (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
শনিবার (২২ এপ্রিল) সকালে উপজেলার জিরানী ইউনিয়নের বীরকাটিহারি মড়লবাড়ী এলাকার ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে শনিবার সকালে ঈদগাহ মাঠে দুই পক্ষের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে নজরুল ইসলাম নিহত হন। আহত হন অন্তত ৩০ জন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু সংঘর্ষে একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।






































