সুনামগঞ্জের ছাতক উপজেলায় জামাতার দায়ের কোপে মকবুল আলী নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।
শনিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের গোরাদেও গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত জামাতার নাম সেলিম উদ্দিন। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক। এ ঘটনায় সেলিম উদ্দিন ও তার ভাই আইন উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে সেলিম উদ্দিন তার শ্বশুর মকবুলকে বাসায় ডেকে পাঠান। খবর পেয়ে রাতে বাসায় যান মকবুল। পরে পারিবারিক বিষয় নিয়ে শ্বশুরের সঙ্গে সেলিমের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দা দিয়ে কুপিয়ে শ্বশুরকে কোপাতে থাকেন সেলিম। পরে মকবুলকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য হেলাল আহমদ বিষয়টি নিশ্চিত কররে জানান, এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।
জেলার সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় চন্দ্র মল্লিক বলেন, আটক সেলিম উদ্দিনও গুরুতর আহত। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।







































