নীলফামারীর কিশোরগঞ্জে খাবারের হোটেলে সিআইডি পরিচয়ে জরিমানার সময় রুবেল মিয়া (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গাড়াগ্রাম বাসস্ট্যান্ডের মোড়ের একটি খাবারের হোটেল থেকে তাকে আটক করা হয়।
রুবেল মিয়া কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী কিশামত এলাকার হামিদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, কিশোরগঞ্জের গাড়াগ্রাম ইউনিয়নের গাড়াগ্রাম বাসস্ট্যান্ডের মোড়ে ‘আব্বাসিয়া’ খাবার হোটেলে গিয়ে রুবেল মিয়া নিজেকে সিআইডির জুনিয়র ইনচার্জ অফিসার হিসেবে পরিচয় দেন এরপর সিআইডির ভুয়া কার্ড দেখিয়ে খাবার হোটেলে অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের অভিযোগ এনে হোটেল মালিকের জরিমানা হবে জানান। পরে জরিমানা বাবদ ২০ হাজার টাকা দাবি করলে হোটেল মালিক এবং হোটেলে থাকা লোকজনের সন্দেহ হয়। তারা রুবেল মিয়াকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে থানায় নিয়ে যায়।
তার শরীর তল্লাশি করে সিআইডির ভুয়া আইডি কার্ড, স্ট্যাম্পের ফটোকপি ও দুটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ। এ ঘটনায় হোটেল মালিক আইয়ুব আলী বাদী হয়ে রুবেলের বিরুদ্ধে একটি করেছেন।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় বলেন, “এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।”




































