রিজার্ভ ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ০৯:৫৪ পিএম
রিজার্ভ ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন একটি ভবনের রিজার্ভ ট্যাঙ্কে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। অক্সিজেন স্বল্পতার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের ভোলাইল গেদ্দারবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পটুয়াখালীর বাউফল উপজেলার ভাংরা গ্রামের আলতাফ মৃধার ছেলে দেলোয়ার মৃধা (৩৫) এবং গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার আব্দুর রহিমের ছেলে মো. রানা (২২)।


বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম।

পরিবার ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নিহত দুজনই পরিবার নিয়ে ভোলাইল এলাকায় ভাড়া বাসায় থাকতেন। দেলোয়ার পেশায় একজন রাজমিস্ত্রী এবং রানা পোশাক কারখানায় কাজ করতেন। ছুটির দিন হওয়াতে দেলোয়ারের সঙ্গে রাজমিস্ত্রীর কাজে এসেছিলেন। নিহতদের মধ্যে রানা কয়েকমাস আগে বিয়ে করেছিলেন।


ফতুল্লা থানার ওসি মাহবুব আলম বলেন, স্থানীয় বাসিন্দা শাহাবুদ্দিনের নির্মাণাধীন ভবনের পানির রিজার্ভ ট্যাংকে নেমে অচেতন হয়ে পড়েন ওই দুই ব্যক্তি। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের ট্যাংকের ভেতর থেকে উদ্ধার করে নারায়ণগঞ্জ তিনশ শয্যা হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ফতুল্লা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম বলেন, নির্মাণাধীন ভবনের দোতলায় সাটারিং-এর কাজ চলছিল। পানির ট্যাংকের ভেতর থেকে কাঠ আনতে নামেন রানা। পরে সেখানে সে অচেতন হয়ে পড়লে তুলতে যান দেলোয়ার। ট্যাংকের ভেতরে নেমে দেলোয়ারও বিষক্রিয়ায় অচেতন হয়ে পড়েন।

তিনি বলেন, ট্যাংকের কাজও পুরোপুরি শেষ হয়নি। এসব ট্যাংকের ভেতরে অক্সিজেন কম থাকে এবং পরিবেশ বিষাক্ত হয়ে ওঠে। ধারণা করছি, অক্সিজেনের কমতির কারণেই তারা অচেতন হয়ে পড়েন বলে ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা ধারণা করেন।

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে তারা অক্সিজেন স্বল্পতার কারণে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

Link copied!