বিনা মূল্যে দেখার সুযোগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৮:৪২ পিএম
বিনা মূল্যে দেখার সুযোগ

জনপ্রিয় সংগীত তারকা ও অভিনয়শিল্পী প্রীতম হাসান ও জেফার রহমান। তারা একসঙ্গে গান গাইলেও এবারই প্রথম অভিনয়ে জুটি বেঁধেছেন। এই জুটি অভিনীত প্রথম ওয়েবফিল্মের নাম ‘তুমি আমি শুধু’। শিহাব শাহীন পরিচালিত পহেলা বৈশাখ উপলক্ষে দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্মটি।

প্রীতম ও জেফার অভিনীত নতুন এই ওয়েব ফিল্মটি দেখা যাবে বিনা মূল্যে। বিঞ্জ কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলা নববর্ষ উপলক্ষে কোনো সাবস্ক্রিপশন ফি ছাড়াই বিনা মূল্যে উপভোগ করা যাবে ওয়েব ফিল্মটি।

ভুল ঠিকানায় পাঠানো ফুড ডেলিভারির থেকেই শুরু হয় একটি সম্পর্ক। এমন গল্পে নির্মিত হয়েছে ‘তুমি আমি শুধু’।

ওয়েব ফিল্মটির গল্প প্রসঙ্গে নির্মাতা শিহাব শাহীন গণমাধ্যমকে বলেন, ‘একটা মেয়ের স্বাধীন ইচ্ছার গল্প নিয়ে তৈরি হয়েছে ফিল্মটি। মেয়েটি নিজের ইচ্ছা বা চাওয়াকেই প্রাধান্য দেয় সব সময়। নিজের জীবনটাকে নিজের স্বাধীন ইচ্ছাতেই গড়ে তুলতে চায়। তার এই স্বাধীন ইচ্ছা নিয়ে একসময় তৈরি হয় জটিলতা। সেই জটিলতা ঘিরে গল্প এগোতে থাকে।’

ওয়েব ফিল্মে আরও অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সমু চৌধুরী, মুনমুন আহমেদ, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ।
 

Link copied!