মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শফিউল আলম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার খৈয়াছরা ইউনিয়নের মধ্যম আমবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
আহতরা হলেন, নিহত শফিউল আলমের ভাই নুরুল আলম (৬০), ছেলে শিফাত (২৫), ভাতিজা ফকির আহমদ (৪০) এবং সমাজের সর্দার আজিম উদ্দিন (৫০)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহত শফিউল আলমের ভাই নুরুল আলম ও স্বজনরা জানান, দুইদিন আগের একটি বিরোধ মীমাংসার জন্য শুক্রবার জুমার নামাজ শেষে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে প্রতিপক্ষের রিপন, রিংকুসহ কয়েকজন যুবক হঠাৎ করে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় পরিবারের সদস্যদের রক্ষা করতে গেলে হামলাকারীদের কিল-ঘুষিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বৃদ্ধের। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফিউল আলমকে মৃত ঘোষণা করেন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদা আক্তার জানান, একজন বৃদ্ধকে হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে।
মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।































