মায়ামিতে ফিরলেন মেসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৬, ০৯:৩৪ পিএম
মায়ামিতে ফিরলেন মেসি

স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে হারের হতাশা কাটাতে পরিবারের সঙ্গে নিজ শহর রোজারিওতে কয়েক দিন বিশ্রামে কাটান লিওনেল মেসি। সেই বিশ্রাম পর্ব শেষে মানসিকভাবে চাঙা হয়ে গতকাল বুধবার ইন্টার মায়ামির অনুশীলনে যোগ দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক।
অনুশীলন মাঠে খেলোয়াড়দের প্রবেশের কয়েকটি ছবি পোস্ট করে ইন্টার মায়ামি তাদের অফিশিয়াল ইনস্টাগ্রামে লিখেছে, ‘আজ আগমনটা যেন একটু অন্য রকম।’
প্রকাশিত সেসব ছবিতে মেসিকে দেখা যায় স্বভাবসুলভ শান্ত মেজাজে। তাঁর হাতে ছিল প্রিয় মাতে পান করার পাত্র, সঙ্গে নজরকাড়া সোনালি রঙের থার্মোস এবং কাঁধে বুটের ব্যাগ। পরে ক্লাবটি খেলোয়াড়দের একটি ভিডিও প্রকাশ করে, যেখানে মেসির নেতৃত্বে সবাইকে সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে শুভেচ্ছা জানাতে দেখা যায়।
বিশ্বকাপের পর নতুন মৌসুমের যাত্রা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে (এমএলএস) তারা শিকাগো ফায়ার ও মন্ট্রিয়লকে হারিয়েছে। আগামী রোববার এমএলএসে পরের ম্যাচে কলম্বাস ক্রুর মুখোমুখি হবে দলটি। তবে সেই ম্যাচে মেসির খেলার সম্ভাবনা নেই। ধারণা করা হচ্ছে, এনইউ স্টেডিয়ামের কোনো একটি বক্স থেকে ম্যাচটি দেখবেন মেসি।

মাঠে মেসির ফেরার দিনক্ষণ এখনো নিশ্চিত নয়। সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার লিগস কাপের ম্যাচে আতলেতিকো সান লুইসের বিপক্ষে তাঁকে আবারও মাঠে দেখা যেতে পারে। এই প্রতিযোগিতার সঙ্গে মেসির বিশেষ স্মৃতি জড়িয়ে আছে। উত্তর আমেরিকায় যোগ দেওয়ার পর ইন্টার মায়ামির হয়ে প্রথম শিরোপা জিতেছিলেন তিনি এই লিগস কাপেই।
ইন্টার মায়ামির দায়িত্বের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও মেক্সিকান লিগের তারকাদের নিয়ে আয়োজিত ঐতিহ্যবাহী অল-স্টার ম্যাচেও খেলার জন্য মনোনীত হয়েছিলেন মেসি। তবে বিশ্বকাপে শেষ পর্যন্ত খেলার কারণে তাঁকে এই আসর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে আজ রাতে শার্লটে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে তিনি খেলছেন না।

মেসির মতো তাঁর সতীর্থ রদ্রিগো দি পলও অল-স্টার ম্যাচের পর কয়েক দিনের ছুটির বিষয়ে আগেই ক্লাবের সঙ্গে সমঝোতা করেছিলেন। তাই এই ম্যাচে না খেললেও তাঁদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। গত বছরের পরিস্থিতি ছিল ভিন্ন। তখন অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন মেসি।

Link copied!