ভারত-দক্ষিণ আফ্রিকা যা পারেনি, সেটাই করে দেখাল বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৬, ০২:০০ পিএম
ভারত-দক্ষিণ আফ্রিকা যা পারেনি, সেটাই করে দেখাল বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় উপমহাদেশের ৪ দল

ভারত : ৫৭ টেস্টে ১০ জয় ৩৩ হার ১৪ ড্র
পাকিস্তান : ৪০ টেস্ট ৪ জয় ২৯ হার ৭ ড্র
শ্রীলঙ্কা : ১৫ টেস্ট ০ জয় ১৩ হার ২ ড্র
বাংলাদেশ : ৩ টেস্ট ১ জয় ২ হার ০ ড্র

দেশে বাঘ বাইরে বিড়াল। এমন বদনামই আছে উপমহাদেশের ক্রিকেট দলগুলোর। দেশের ধীরগতির উইকেটে বল ঘুরিয়ে প্রতিপক্ষের মাথাও ঘুরিয়ে দেয় তারা। বাংলাদেশ তো আরও এক কাঠি এগিয়ে। মিরপুরের কালো মাটির উইকেট বানিয়ে ফেলে ‘ধানক্ষেত।’ তবে উপমহাদেশের বাইরের বাউন্সি উইকেটে পেস বোলিংয়ে হাঁসফাঁসই করে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা আর বাংলাদেশ।

অস্ট্রেলিয়ায় সেটা আরও বেশি। এতটাই যে শ্রীলঙ্কার মত দল বিশ্বকাপ জিতলেও এখনও টেস্ট জেতেনি অস্ট্রেলিয়ার মাটিতে! ১৫ টেস্ট খেলে হেরেছে ১৩টি, ড্র করেছে দুটি। সেই দুই ড্র-এর সর্বশেষটি ২০০৪ সালে। পাকিস্তান অবশ্য ৪ টি টেস্ট জিতেছে অস্ট্রেলিয়ায়। তবে সর্বশেষ জয়টি এসেছে ৩৬ বছর আগে ১৯৯৫ সালে। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, ইনজামাম উল হক, রমিজ রাজা, সাকলাইন মুস্তাকের মত কিংবদন্তিরা তখন খেলতেন পাকিস্তান দলে।

উপমহাদেশের দল ভারত সবচেয়ে সফল অস্ট্রেলিয়ায়। তারা জিতেছে ১০ টেস্ট। তবে একটা দিক দিয়ে উপমহাদেশের সব দলকেই পেছনে ফেলেছে বাংলাদেশ।

নাজমুল হোসেন শান্তর দল অস্ট্রেলিয়ায় মাত্র তৃতীয় টেস্ট খেলে জিতল প্রথমবার। ২০০৩ সালে ডারউইন ও কেয়ার্নসে খেলা দুই টেস্টে হেরেছিল বাংলাদেশ। ২৩ বছর পর সেই ডারউইনে আজ পেল ঐতিহাসিক জয়। তারা ৯ উইকেটে হারিয়েছে স্বাগতিকদের।

অস্ট্রেলিয়ার মাটিতে ভারত প্রথম টেস্ট জিতেছিল ১৯৭৭ সালে, যা ছিল সেই দেশে খেলা তাদের দ্বাদশ টেস্ট। এর আগের ১১ টেস্টে তারা হেরেছিল ১০টি, ড্র করেছিল ১টি। ১৯৭৭ সালে মেলবোর্নে ২২২ রানে জেতা টেস্টটিতে বিষেণ সিং বেদির নেতৃত্বে খেলেছিলেন সুনীল গাভাস্কার, মহিন্দর অমরনাথ, চন্দ্রশেখর, দিলীপ ভেঙ্কসরকারের মত তারকারা। দুই ইনিংসেই ৬টি করে উইকেট নিয়ে ভারতের জয়ের নায়ক ছিলেন চন্দ্রশেখর।

অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তান প্রথম টেস্ট জিতেছিল ১৯৭৭ সালের জানুয়ারিতে। সেটা ছিল অস্ট্রেলিয়ায় খেলা তাদের সপ্তম টেস্ট। আগের ছয় টেস্টের চারটিতে হেরেছিল পাকিস্তান আর ড্র করেছিল দুটিতে। মেলবোর্নে খেলা টেস্টটিতে পাকিস্তান জেতে ৮ উইকেটে। মুস্তাক মোহাম্মদের নেতৃত্বে সেই টেস্টে পাকিস্তানের হয়ে খেলেছিলেন জহির আব্বাস, আসিফ ইকবাল, জাভেদ মিয়াঁদাদ, ইমরান খান, সরফরাজ নওয়াজরা।

ভারত-পাকিস্তানের তুলনায় বাংলাদেশ- অস্ট্রেলিয়ার দূর্গ জয় করল অনেক আগেই। বিজয় কেতন ওড়াতে নাজমুল হোসেন শান্তর দলের লেগেছে মাত্র ৩ টেস্ট।
 

Link copied!