স্ত্রীকে সাহস দিলেন সিদ্ধার্থ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৬, ০২:৪৬ পিএম
স্ত্রীকে সাহস দিলেন সিদ্ধার্থ

মুক্তির আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে প্যান-ইন্ডিয়ান অ্যাকশন থ্রিলার ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’। সম্প্রতি সিনেমাটির ট্রেলার ও ‘তাবাহি’ গানটিতে কন্নড় সুপারস্টার যশের সাথে অভিনেত্রী কিয়ারার কিছু অন-স্ক্রিন ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে নেটদুনিয়ায় তীব্র ট্রলিং ও কটাক্ষের ঝড় উঠেছে।

তবে এই কঠিন সময়ে সহ-শিল্পী যশের পর এবার কিয়ারার পাশে এসে দাঁড়ালেন তার স্বামী ও বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা।

সামাজিক মাধ্যমে ট্রলিংয়ের উপযুক্ত জবাব দিয়ে স্ত্রীর কাজের প্রশংসায় ভাসিয়েছেন সিদ্ধার্থ। রবিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ‘টক্সিক’-এর ট্রেলার শেয়ার করে কিয়ারার প্রতি ভালোবাসা ও সমর্থন জানান সিদ্ধার্থ।

কিয়ারার পরিশ্রম ও মেধার প্রশংসা করে তিনি লেখেন, ‘তোমার প্রচেষ্টা, কঠোর পরিশ্রম আর কাজের প্রতি ভালোবাসা—সবকিছুই বড় পর্দায় ফুটে উঠবে। এটা তোমার অন্যতম সেরা অভিনয় হতে যাচ্ছে কি (কিয়ারা)! গীতু মোহনদাস, যশ, তুমি এবং পুরো টিম মিলে যে জাদু তৈরি করেছ, তা দেখার জন্য আর তর সইছে না। ২৬ আগস্টের অপেক্ষায় রইলাম!’

এর আগে শনিবার বেঙ্গালুরুতে আয়োজিত সিনেমার জমকালো ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে কিয়ারার পাশে দাঁড়ান কেজিএফ খ্যাত অভিনেতা যশ। তিনি বলেছিলেন, ‘একজন অভিনেতা হিসেবে আপনাকে যেসব অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, তা নিয়ে একদমই মাথা ঘামাবেন না। আপনি যে কাজে বিশ্বাস করেন, তা-ই করে যান। আমরা হয়তো সময়ের চেয়ে একটু বেশি এগিয়ে আছি, তবে দর্শকরা ঠিকই আপনার এই পরিশ্রমের মূল্যায়ন করবেন।’
গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সিনেমাটিতে যশ ও কিয়ারা আদভানি ছাড়াও অভিনয় করেছেন নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া এবং রুক্মিণী বসন্ত।
 

Link copied!