সেপ্টেম্বরে  দ্বিতীয় সন্তানের অপেক্ষা!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৬, ০২:১৫ এএম
সেপ্টেম্বরে  দ্বিতীয় সন্তানের অপেক্ষা!

দ্বিতীয়বার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সেপ্টেম্বরে তাঁর দ্বিতীয় সন্তানের জন্ম হওয়ার কথা। তবে মাতৃত্বের এই বিশেষ সময়েও কাজ থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নেননি অভিনেত্রী। বরং অন্তঃসত্ত্বাকালের অষ্টম মাসেও নিয়মিত শুটিং চালিয়ে যাচ্ছেন তিনি।

অল্লু অর্জুনের সঙ্গে অ্যাটলি পরিচালিত ‘রাকা’ ছবিতে কাজ করছেন দীপিকা। ছবিটির সঙ্গে যুক্ত একটি সূত্রের দাবি, সন্তানের জন্মের আগেই নিজের অংশের শুটিং শেষ করে ফেলতে চান অভিনেত্রী। সেই লক্ষ্যেই ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। প্রয়োজনে রাত পর্যন্ত সেটে থেকে শুটিং করছেন দীপিকা।

ছবিটির সঙ্গে যুক্ত ওই সূত্রের ভাষ্য, “দীপিকা এখন আট মাসের অন্তঃসত্ত্বা। খুব শিগগিরই তাঁর সন্তানের আগমন হবে। তারপরও তিনি ‘রাকা’র শুটিং চালিয়ে যাচ্ছেন। দ্বিতীয় সন্তানের জন্মের আগেই ছবির কাজ গুটিয়ে ফেলাই এখন তাঁর প্রধান লক্ষ্য।”

দীপিকার এই পেশাদারিত্বে মুগ্ধ ছবির পুরো টিম। সূত্রটি জানায়, প্রয়োজন হলে রাত পর্যন্ত কাজ করছেন অভিনেত্রী। তাঁর নিষ্ঠা ও পেশাদারিত্ব দেখে ছবির কলাকুশলী ও টিমের সদস্যরাও প্রশংসা করছেন।

তবে অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং করার অভিজ্ঞতা দীপিকার জন্য নতুন নয়। প্রথম সন্তান গর্ভে থাকাকালীনও তিনি শুটিং চালিয়ে গিয়েছিলেন। সে সময় ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির শুটিং চলছিল। এমনকি ছবির বেশ কিছু অ্যাকশন দৃশ্যেও অংশ নিয়েছিলেন তিনি।

এদিকে অ্যাটলির ‘রাকা’ নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। অল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোনের পাশাপাশি ছবিতে রয়েছেন রশ্মিকা মন্দানা, জাহ্নবী কপূর ও মৃণাল ঠাকুরের মতো তারকারা। কল্পবিজ্ঞান ও ফ্যান্টাসির মিশেলে নির্মিত ছবিটিতে থাকছে বড় পরিসরের অ্যাকশন দৃশ্যও। ২০২৭ সালে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, দীপিকার হাতে রয়েছে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ ছবিটিও। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় শাহরুখ ও দীপিকার পাশাপাশি অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, রাঘব জুয়াল, অভয় বর্মা, সৌরভ শুক্ল এবং রানি মুখোপাধ্যায়। ছবিটি ২০২৬ সালের ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

সূত্র : আনন্দবাজার

Link copied!