কেন বিশ্বকাপ শেষ ইংলিশ দুই রেফারির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০৭:৫৭ পিএম
কেন বিশ্বকাপ শেষ ইংলিশ দুই রেফারির

 বিশ্বকাপে শেষ ম্যাচ পরিচালনা করে ফেলেছেন দুই ইংলিশ রেফারি মাইকেল অলিভার ও অ্যান্থনি টেলর। ইংল্যান্ড ও আর্জেন্টিনা সেমিফাইনালে ওঠায় এই দুই দলের কোনো ম্যাচেই আর তাদের দায়িত্ব না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফিফা।

আটলান্টায় আগামী বুধবার বাংলাদেশ সময় রাত একটায় বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। এই ম্যাচ তো বটেই, ১৯ জুলাই ফাইনালেও তাদের রেফারি হিসেবে থাকার কোনো সম্ভাবনা নেই। কারণ, ফাইনালে এই দুই দলের মধ্যে যেকোনো এক দল মুখোমুখি হবে স্পেন কিংবা ফ্রান্সের। 

অলিভার ও টেলরের বিশ্বকাপ কেন শেষ?

সবারই জানা, সম্ভাব্য পক্ষপাতিত্ব এড়াতে ফিফার নিয়ম অনুযায়ী কোনো রেফারিই নিজের দেশের ম্যাচে দায়িত্ব পালন করতে পারেন না।

এ নিয়মের কারণে সেমিফাইনালে ম্যাচ পরিচালনা করতে পারছেন না অ্যান্টনি টেলর ও মাইকেল অলিভার। অথচ ইংল্যান্ডের রেফারি হিসেবে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনায় হাওয়ার্ড ওয়েবের রেকর্ডটি এবার অলিভারই ভেঙেছেন। কিন্তু আর্জেন্টিনার সঙ্গে ইংল্যান্ডের রাজনৈতিক ইতিহাস এবং ১৯৮২ সালে ফকল্যান্ড যুদ্ধের রেশ ধরে আর্জেন্টিনার কোনো ম্যাচেও এই দুই ইংলিশ রেফারিকে দায়িত্ব দেওয়া হবে না। এর অর্থ হলো, আটলান্টায় ইংল্যান্ড যদি হেরেও যায়, তারপরও ফাইনালে বাঁশি বাজানোর কোনো সুযোগ থাকছে না এ দুই রেফারির।

ইএসপিএনকে সূত্রগুলো জানিয়েছে, রেফারি নিয়োগ ও সম্ভাব্য রাজনৈতিক সংবেদনশীলতার বিষয়গুলো ম্যাচ ধরে ধরে বিবেচনা করা হয়। যেখানে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার দীর্ঘদিনের রাজনৈতিক বৈরী সম্পর্কের বিষয়টি এখনো বিবেচনার বিষয়। 

শেষ ষোলোর ম্যাচে মিশরকে হারানোর পর আর্জেন্টিনার খেলোয়াড়দের ‘মুচাচোস’ গান গাওয়ার একটি ভিডিও চিত্রও সামনে এসেছে। এ গানে ব্রিটিশ–শাসিত অঞ্চলের (ফকল্যান্ডস দ্বীপপুঞ্জ) প্রসঙ্গ উঠে এসেছে। দক্ষিণ আটলান্টিকের দুটি ব্রিটিশ–শাসিত অঞ্চল নিয়ে ১৯৮২ সালের ২ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত চলে ফকল্যান্ডস যুদ্ধ। ব্রিটেন ও আর্জেন্টিনার মধ্যে এ যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন ৯০৭ জন। 

ইংলিশ রেফারিদের দায়িত্ব না দেওয়ার এই নীতি ২০২২ সালের কাতার বিশ্বকাপেও কার্যকর ছিল। আর সে কারণেই আর্জেন্টিনা বনাম ফ্রান্সের মধ্যকার সেই ফাইনালে রেফারি হওয়ার দৌড় থেকে ছিটকে যান অ্যান্টনি টেলর।

ইএসপিএনকে সূত্রগুলো জানিয়েছে, ফাইনালে ফ্রান্সের মুখোমুখি যদি ক্রোয়েশিয়া হতো, তবে সেই মর্যাদাপূর্ণ ম্যাচের দায়িত্ব পাওয়ার জোরাল সম্ভাবনা ছিল টেইলরের।

এবার বিশ্বকাপে ইংল্যান্ড সেমিফাইনালে ওঠায় আর্জেন্টিনার রেফারি ফাকুন্দো তেল্লোর জন্যও ফাইনালের দুয়ার বন্ধ হয়ে গেছে। এমনকি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও টেলর, অলিভার কিংবা তেল্লোর কেউই বাঁশি বাজানোর সুযোগ পাবেন না।

স্পেন ও ফ্রান্সের মধ্যে সেমিফাইনাল ম্যাচের রেফারি হিসেবে এল সালভাদরের ইভান বার্টনকে চূড়ান্ত করেছে ফিফা।

Link copied!