সেমি ফাইনালে যেতে মরিয়া ভারত। তার জন্য শুধু জিতলেই চলবে না, বড় ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়ে অন্তত রানরেটটা বাড়িয়ে রাখতে হবে। যাতে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের চেয়ে এগিয়ে থাকা যায়। এমন সমীকরণ মাথায় রেখে শুক্রবার স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমিছল বিরাট কোহলির দল। নিজেদের রানরেট বাড়িয়ে রাখার পথে অনেকটাই এগিয়ে গেল তারা স্কটল্যান্ডকে হারাতে ৬.২ ওভার ব্যয় করল তারা।
এদিন প্রথমে ব্যাট করে ১৭.৪ ওভারে ৮৫ রান তোলে স্কটল্যান্ড। জবাবে ৬.২ ওভারে ২ উইকেটে ৮৯ রান করে জয় তুলে নেয় ভারত।
টানা দুই ম্যাচে হারা ভারত স্বরূপে ফিরেছে আফগানিস্তানের বিপক্ষেই। ওই ম্যাচে ৬৬ রানের জয়ের পর আজ জিতল ৮ উইকেটে, তাও ১৩.৪ ওভার হাতে রেখে।
স্কটিশদের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাট হাতে জ্বলে ওঠেন লোকেশ রাহুল ও রোহিত শর্মা। তবে আজ বেশি বিস্ফোরক ছিলেন রাহুলই। জয় থেকে ৪ রান দূরত্বে থাকতে আউট হওয়ার আগে ১৯ বলে করেছেন ৫০ রান। মেরেছেন ৩টি ছক্কা ও ৬টি চারের মার। তার আগে ১৬ বলে ৩০ রান করে আউট হয়েছেন রোহিত। তিনি মেরেছেন একটি ছক্কা ও ৫টি চার। এরপর জয়ের অবশিষ্ট কাজ সারতে বেশি সময় নেননি সুরিয়া কুমার যাদব। ২ বলে ৬* করে অপরাজিত ছিলেন তিনি। অন্যপ্রান্তে অধিনায়ক কোহলি ২* রানে অপরাজিত ছিলেন।
ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রবীন্দ্র জাদেজা। বল হাতে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।
এই জয়ের পয়েন্ট টেবিলের ৩ উঠে এসেছে ভারত। তাদের জন্য আশার কথা হচ্ছে রানরেটে তারা নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে গেছে। ভারতের রান রেট ১.৬১। কিউইদের রানরেট ১.২৭। অন্যদিকে চারে থাকা আফগানিস্তানের রানরেট ১.৪৮। এখন পরের ম্যাচে আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে ভারতের সেমির পথ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। তখন পরের ম্যাচে নামিবিয়াকে হারালেই চলবে। আর যদি নিউজিল্যান্ড জিতে যায়, তবে ভারতের সেমি ফাইনালের স্বপ্ন অধরাই থেকে যাবে।

































