অধিনায়ককে ছাড়াই শ্রীলঙ্কার সামনে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২১, ০১:৩৩ পিএম
অধিনায়ককে ছাড়াই শ্রীলঙ্কার সামনে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আনুষ্ঠানিক ওয়ার্মআপ ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। রাত ৮টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। তবে গা গরমের এই ম্যাচে থাকছেন না টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ।

বিসিবি সূত্র জানিয়েছে, পিঠের ব্যথার কারণে আজকের ম্যাচে খেলবেন মাহমুদউল্লাহ। ওমান এ-দলের বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচে একই চোটের কারণে খেলেননি তিনি।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচটি খেলতে রোববার রাতে আবুধাবিতে পৌঁছায় বাংলাদেশ দল।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে টাইগাররা। ওই দিনই বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হবেন সাকিব আল হাসান।

দুটি প্রস্তুতি ম্যাচ শেষে বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে ১৫ অক্টোবর ওমানে যাবে পুরো স্কোয়াড। বাছাইপর্বে বি-গ্রুপে রয়েছে টাইগাররা। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ১৯ ও ২১ অক্টোবর ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে লড়বে তারা।

Link copied!