বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে মাশরাফিকে যুক্ত করার দাবি অনেক দিনের। অনেকের বিশ্বাস মাশরাফি দলের সঙ্গে থাকলে তামিমরা মানসিকভাবে চাঙা থাকবে। তাই নিজের অবসর ভাঙার দিনে প্রধানমন্ত্রীর কাছে তামিমের চাওয়া মাশরাফিকে মেন্টর হিসেবে রাখা, যাতে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু মাশরাফির প্রশ্ন, প্রয়োজন আছে কী মেন্টরের।
বাংলাদেশ দলে তামিম ইকবাল যেদিন অবসর ভাঙেন, সেদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। পরে সংবাদমাধ্যমে তামিম জানান, বিশ্বকাপে মাশরাফিকে মেন্টর হিসেবে প্রধানমন্ত্রীর কাছে চাওয়ার কথা।
এরপর প্রায়ই ঘুরেফিরে আসছে প্রসঙ্গটি। মাশরাফি কি বিশ্বকাপে মেন্টর হিসেব থাকবেন? এমন প্রশ্ন গিয়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছেও। তিনি স্পষ্ট করে অবশ্য বলেননি কিছু। এবার সে বিষয়ে মুখ খুললেন মাশরাফি। তিনি বলেন, “মেন্টরে কী লাভ হয়? আমাকে একটু বলতে পারবেন? আমি জানি না, তামিম কেন চাচ্ছে! মেন্টর জিনিসটা তো অন্য জিনিস। মেন্টরের কাজটা আসলে কী? দলের প্রয়োজনে সে রকম পরিস্থিতি এলে, তখন বলা যাবে। ‘এখন এই মুহূর্তে আমাকে প্রশ্ন করলে, এর উত্তর নেই। এখানে আমি কী উত্তর দেব? যদি সে রকম কোনো পরিস্থিতি তৈরি হয় ভবিষ্যতে, সে রকম কিছু হয়, তখন আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু বলা যাবে। এই মুহূর্তে আমি তো ও রকম কিছু দেখি না।”
বিশ্বকাপের দুই মাস আগে তামিমকে নিয়ে দুশ্চিন্তা দেখা দিলেও বিসিবি জানিয়েছে, ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে তামিমই দলকে নেতৃত্ব দেবেন। বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়কের বর্তমান অবস্থা দেখে মাশরাফি অবশ্য মনে করছেন, চোটের কারণেই নিয়মিত পারফর্ম করতে সমস্যা হচ্ছে তামিমের।
মাশরাফি বলেন, ‘এখন যে জিনিসটা হচ্ছে, ওর ইনজুরি ওকে ভোগাচ্ছে। ও পারফর্ম করছে না, কেন করছে না? তার কারণ হচ্ছে ইনজুরি। তাহলে কী করা উচিত? ওর ইনজুরিটা ঠিক করে আসা উচিত। ওই যে বললাম, ডুয়িং দ্য রাইট থিংস। ওর এখন উচিত ইনজুরি নিয়ে চিন্তা করা। ফিট হয়ে আসলে আমি নিশ্চিত ও অটোমেটিক রান করবে আর আগের পরিস্থিতিতে ফিরে আসবে।’
মানসিকভাবে তামিমকে দুর্বল দেখে বেশ অবাক হয়েছেন মাশরাফি। তামিমের সঙ্গে কী হয়েছে, সেটি পুরোপুরিভাবে জানেন না বলেও মন্তব্য করেন টাইগারদের সাবেক এই অধিনায়ক।
মাশরাফি বলেন, ‘তামিমের ওপর কী গিয়েছে, তামিম ঠিক ততটা আমার সঙ্গে শেয়ার করেনি। তবে আমি হতাশ হয়েছি তামিমকে দুর্বল দেখে। সে একজন আন্তর্জাতিক ক্রিকেটার, ওর পক্ষেও অনেক লোক আছে। তামিম এটুকু লড়াই করতে না পেরে ভেঙে পড়বে, তা আমার কাছে মনে হয়নি। তবে কখনো কখনো মানুষ ভেঙে পড়ে, তখন মানুষের সহায়তা প্রয়োজন হয়।’
তামিমকে ‘ভাগ্যবান’ ক্রিকেটার উল্লেখ করে মাশরাফি আরও বলেন, “আমি মনে করি তামিম খুবই ভাগ্যবান। মাননীয় প্রধানমন্ত্রী তাকে ডেকেছেন, কথা বলেছেন এবং তাকে ক্রিকেটে ফিরিয়ে এনেছেন। এমন সৌভাগ্য সবার হয় না।”






































