ইতালির সাবেক মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলোকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে চার বছরের চুক্তিতে পৌঁছেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। শুক্রবার (২৪ জুলাই) ইতালির দৈনিক লা রিপাবলিকা এ তথ্য জানায়। খবর রয়টার্সের।
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে বিবেচিত পিরলো ২০০৬ সালে ইতালির হয়ে বিশ্বকাপ জিতেছিলেন। ক্লাব ক্যারিয়ারে তিনি ইন্টার মিলান, এসি মিলান ও জুভেন্টাসের হয়ে খেলেছেন।
বর্তমানে ৪৭ বছর বয়সী পিরলো সংযুক্ত আরব আমিরাতের ইউএই ফার্স্ট ডিভিশন লিগের ক্লাব দুবাই ইউনাইটেডের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ২০২০-২১ মৌসুমে জুভেন্টাসের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। তার অধীনে দলটি কোপা ইতালিয়া ও ইতালিয়ান সুপার কাপ জেতে।
ইতালির নতুন কোচ নিয়োগের আগে পেপ গার্দিওলা ও কার্লো আনচেলত্তির সঙ্গেও যোগাযোগ করেছিল এফআইজিসি। তবে, আনচেলত্তি ব্রাজিলের হয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ থাকায় এবং পেপ গার্দিওলার চাওয়া বেতন না পোষানোয় শেষ পর্যন্ত পিরলোর ওপরই আস্থা রাখছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন।





































