এই বছরের ডিসেম্বরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ। সিরিজকে সামনে রেখে এবার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। মঙ্গলবার (১৮ জুলাই) সিরিজের সূচি প্রকাশ করে তারা। এ ছাড়াও এদিন আরও তিনটি সিরিজের সূচি প্রকাশ করে সংস্থাটি।
বেশ কয়েকবছর ধরেই নিয়মিত নিউজিল্যান্ড সফরে যাচ্ছে টিম বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় এবারও সফর নিশ্চিত হয়েছে টাইগারদের। যেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।
নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড টেস্ট দল। নভেম্বরের শেষে হবে প্রথম টেস্ট ও ডিসেম্বরের শুরুতে হবে দ্বিতীয় টেস্ট। এরপরই নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ দল।
ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর। যার প্রথমটি ১৭ ডিসেম্বর ডানেডিনে। সিরিজের বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ ডিসেম্বর। ভেন্যু যথাক্রমে নেলসন এবং নেপিয়ার।
এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যার প্রথমটি ২৭ ডিসেম্বর। প্রথম ম্যাচটির ভেন্যু নেপিয়ার। পরের দুটি ম্যাচ হবে তাউরাঙ্গাতে।
এদিকে বাংলাদেশ সফর দিয়েই শুরু নিউজিল্যান্ডের এবারের মৌসুম। বাংলাদেশের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে ব্ল্যাকক্যাপসরা। তারপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ এবং ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত চলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ।
বাংলাদেশের নিউজিল্যান্ড সফর
প্রথম ওয়ানডে : ১৭ ডিসেম্বর, ভেন্যু: ডানেডিন
দ্বিতীয় ওয়ানডে : ২০ ডিসেম্বর, ভেন্যু: নেলসন
তৃতীয় ওয়ানডে : ২৩ ডিসেম্বর, ভেন্যু: নেপিয়ার
প্রথম টি-টোয়েন্টি : ২৭ ডিসেম্বর, ভেন্যু: নেপিয়ার
দ্বিতীয় টি-টোয়েন্টি : ২৯ ডিসেম্বর, ভেন্যু: তাউরাঙ্গা
তৃতীয় টি-টোয়েন্টি : ৩১ ডিসেম্বর, ভেন্যু: তাউরাঙ্গা





































