অ্যাশেজ টেস্টে অস্ট্রেলিয়া জিতেছে দুই উইকেটে। তবে দল জিতলেও ব্যক্তিগতভাবে নৈপুণ্য দেখাতে পারেনি মারনাস লাবুশেন। অন্যদিকে ইংল্যান্ড হারলেও এজবাস্টনে দুই ইনিংসেই দারুণ ব্যাট করেছেন জো রুট। এরফলে টেস্ট র্যাঙ্কিংয়ে লাবুশেনকে পেছনে ফেলেছেন রুট। বর্তমান টেস্ট র্যাঙ্কিংয়ে সেরা ব্যাটার এখন সাবেক ইংলিশ অধিনায়ক।
প্রায় ৬ মাস পর টেস্টে শীর্ষস্থান হারালেন লাবুশেন। এদিকে দুর্দান্ত ব্যাট করে পঞ্চম স্থান থেকে একদম প্রথম স্থানে অ্যাশেজ টেস্টে সেঞ্চুরি করা রুট।
এজবাস্টনে প্রথম ইনিংসে ১১৮ রানে অপরাজিত ছিলেন জো রুট। এরপর দ্বিতীয় ইনিংসে করেন ৪৬ রান। অন্যদিকে লাবুশেন প্রথম ইনিংসে রানের খাতা না খুলেই বিদায় নেন। দ্বিতীয় ইনিংসে ১৩ রানের বেশি করতে পারেননি অজি ব্যাটার। প্রথম টেস্টে দারুণ নৈপুণ্যের কল্যাণেই লাবুশেনকে পেছনে ফেলেন রুট।
টেস্ট র্যাঙ্কিংয়ের প্রথম তিনজন ব্যাটারই ছিলেন অস্ট্রেলিয়ান। মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ ও ট্রাভিস হেড। কিন্তু প্রথম স্থানে উঠে সবার স্থান এলোমেলো করে দিয়েছেন রুট। লাবুশেন ও হেড পিছিয়ে তিন ও চারে অবস্থান করছেন। ইনজুরির কারণে মাঠের বাইরে থেকেও দুইয়ে উঠে এসেছেন কিউই ব্যাটার কেন উইলিয়ামসন। র্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে অবস্থান করছেন পাকিস্তানের বাবর আজম।






































