আইরিশদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার স্পিনার প্রবাথ জয়সুরিয়া অনন্য রেকর্ড গড়েছেন। পাশাপাশি ভেঙে দিয়েছেন ৭১ বছরের পুরোনো রেকর্ড। ২৮ এপ্রিল, শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়সুরিয়া দ্রুততম ৫০ টেস্ট উইকেট নেওয়ার ইতিহাস গড়েছেন।
দ্বিতীয় ইনিংসের ২৬তম ওভারে প্রবাথ আইরিশ ওপেনার পল স্টার্লিংয়ের উইকেট তুলে নিলে এই মাইলফলক স্পর্শ করেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্রুততম স্পিনার এবং যৌথভাবে দ্বিতীয় হিসেবে ওয়েস্ট ইন্ডিয়ান আলফ ভ্যালেন্টাইনের কাছ থেকে রেকর্ড নিজের দখলে নিয়েছেন জয়সুরিয়া। তিনি তার সপ্তম ম্যাচে ৫০তম উইকেট তুলে নেন।
প্রবাথ জয়সুরিয়া প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন। তার এই বোলিং আয়ারল্যান্ডকে ৪৯২ রানে অলআউট করতে সাহায্য করে। জবাবে শ্রীলঙ্কা ৩ উইকেট হারিয়ে ৭০৪ রানের বিশাল স্কোর করে।
গত ১৬ এপ্রিল গালেতে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে শ্রীলঙ্কা ইনিংস এবং ২৮০ রানের উল্লেখযোগ্য ব্যবধানে জয়লাভ করে। প্রথম ইনিংসে সাত উইকেট শিকারসহ প্রবাথ জয়সুরিয়া ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন।
গত বছর জুলাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে অভিষেক হয় জয়সুরিয়ার। অভিষেকের পর থেকে দু`বার দশ উইকেট নিয়েছেন এই স্পিনার। টেস্ট ক্যারিয়ারের মাত্র ১০ মাসেই উইকেটের ফিফটি পূর্ণ করেছেন তিনি।
ভ্যালেন্টাইন ১৯৫১-৫২ সালে নিজের অষ্টম টেস্টে ফিফটি উইকেটের মাইলফলকে পৌঁছান। ৭১ বছর পর সেই রেকর্ড ভাঙলেন জয়সুরিয়া।
টেস্ট সংস্করণের ইতিহাসে সবচেয়ে কম ম্যাচে ৫০ উইকেট নেওয়ার রেকর্ডে দ্বিতীয় স্থানে আছেন জয়সুরিয়া। তার সাথে রেকর্ড ভাগাভাগি করছেন সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার ভার্নন ফিল্যান্ডার ও টম রিচার্ডসন। এই দুই তারকাই নিজেদের প্রথম সাত টেস্টে ৫০ উইকেট পেয়েছিলেন। এই তালিকায় সবার ওপরে আছেন অস্ট্রেলিয়ার চার্লি টার্নার। মাত্র ৬ টেস্টে ৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তিনি।



































