‘আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে’ রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটা কি সাম্প্রতিক সময়ে কখনও শুনেছেন? বা নিয়মিতই কি শোনেন মাশরাফি বিন মুর্তজা। হয়তো শোনেন আবার হয়তো বা না।
তবে তার ক্রিকেট ক্যারিয়ারের বর্তমান সময়টাই যেন এই গানের সঙ্গে মিলে যাচ্ছে। প্রায় দুই যুগের ক্রিকেট ক্যারিয়ার, কত ইনজুরি শেষে মাশরাফিরও এখন ক্যারিয়ারের পড়ন্ত বেলা। তবে মাশরাফিরা শেষ হয়েও যেন হন না, ক্রিকেটের সঙ্গেই রবীন্দ্রনাথের গানের মতো সুর মেলাতে থাকেন।
চলতি বিপিএলের কয়েকদিন আগের একটি ঘটনা বলি। ঢাকা পর্বে ঢাকা ডমিনেটরসের বিপক্ষে ম্যাচে একটু খুড়িয়ে খুড়িয়ে বল করেছিলেন মাশরাফি। ম্যাচ শেষে তার বাবা বললেন, এভাবে আর কত? খুড়িয়ে কি ক্রিকেট খেলা যায় নাকি, এবার তার থামা উচিত।
ভক্তদের আর যাই মনে হোক বাবাদের তো আর ছেলেকে খোড়াতে দেখতে ভালো লাগে না। ফলে স্বাভাবিকভাবেই এই কথাটি বলেছিলেন মাশরাফির বাবা।

মাশরাফিও হয়তো আর বেশিদিন খেলবেন না। নাহ, খেলবেন না নয় খেলতে পারবেন না। বয়স, একজন সংসদ সদস্য হিসেবে রাজনৈতিক ব্যস্ততা, আর পুরনো বন্ধু ইনজুরি—সবমিলিয়ে হয়তো বিদায় খুব নিকটে।
বিদায় বেলাতেও বল হাতে কী বার্তা দিচ্ছেন ম্যাশ? বয়স ৪০-এর কোঠায়, দুই বছর ধরে শুধু বিপিএল আর ডিপিএলের কয়েকটা ম্যাচই খেলেন। অথচ চলতি আসরে এই ৪০ বছরের ‘বুড়ো’কে টেক্কা দিতে পারছেন না কেউ।
তাগড়া তাগড়া জোয়ানদের সঙ্গে টেক্কা দিয়ে চলতি বিপিএলে এখন পর্যন্ত ৯ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি। তার ওপর আবার এর আগের ম্যাচে করেছেন মাত্র ১ ওভার।
অনেকেই বলেন, মাশরাফির ম্যাচ তো দূরের কথা অনুশীলনের ফিটনেসও নেই। তিনি খেলেন, উইকেট নেন শুধুমাত্র তার মনের জোরে। এখন প্রশ্ন হচ্ছে, তার ফিটনেস নেই মনের জোর আছে। তাহলে বাকিদের কি কিছুই নেই!

সে যাগগে, অন্যদের এখানে টানার দরকার নেই। এখানে শুধু ম্যাশের স্তুতিই করা যাক। সর্বশেষ আজকের ম্যাচটার কথাই ধরুন না। ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১৩০ রানের পুঁজি পেয়েছিল সিলেট।
প্রতিপক্ষ দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওপেনার লিটন কুমার দাসের তোপে সেই লক্ষ্যটাও একপর্যায়ে আরও ছোট মনে হচ্ছিল। যে লিটন সবাইকে অবলীলায় পেটাচ্ছিলেন, এমনকি ইনিংসের শুরুতে মাশরাফিকেও ক্লুলেস বানিয়ে ফেলেছিলেন।
সেই লিটনকে শেষবেলায় ফেরালেন মাশরাফিই। শেষদিকে যেটুকু রোমাঞ্চের দেখা পাওয়া গিয়েছে সাগরিকায় তার পুরোটাই ম্যাশের কৃতিত্ব।
স্পোর্টসে বেশি বয়সে ভালো খেললে তাকে ‘ওল্ড ওয়াইন’ বলার রেওয়াজ অনেক পুরোনো। তবে কি মাশরাফি বাংলাদেশ ক্রিকেটের সেই ওল্ড ওয়াইন? হয়তো বা তবে বলার সুযোগ এখানে নেই। তিনি আসলেই ওল্ড ওয়াইন।
























