বিশ্বকাপের পর ছুটি কাটিয়ে লিওনেল মেসি প্যারিসে ফিরে গেছেন। পিএসজি বিশ্বকাপজয়ী অধিনায়ককে বরণ করে নিয়েছে আন্তরিকতায়। তবে এখনই মাঠে ফেরা হচ্ছে না মেসির।
পিএসজি বস ক্রিস্টোফ গাল্টিয়ের মেসিকে বিশ্বকাপের ধকল কাটাতে আরও বিশ্রাম দেওয়ার পক্ষপাতী। ফ্রেঞ্চ কাপে তৃতীয় বিভাগের দল এলবি চ্যাটেরক্সের বিপক্ষে শুক্রবার বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে নামবে পিএসজি। এই ম্যাচে দেখা যাবে না মেসিকে।
বৃহস্পতিবার কোচ ক্রিস্টোফ গাল্টিয়ার বলেছেন, মেসি অনুশীলনে অংশ নিয়েছেন। তবে তিনি অনুভব করছেন, এই গ্রেটকে প্রতিযোগিতামূলকভাবে খেলার জন্য প্রস্তুত হতে আরও কিছুটা সময় প্রয়োজন।
কোচ বলেন, “তার একটি দুর্দান্ত বিশ্বকাপ ছিল। সে উদযাপনের জন্য তার দেশে ফিরে গিয়েছিল এবং আমরা চেয়েছিলাম যে সে তার পরিবারের সাথে ফিরে আসুক। সে আগামীকাল (শুক্রবার রাতে) খেলবে না। তার সাথে আলোচনা করার পর আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা চাই সে লিগের ম্যাচ খেলার জন্য প্রস্তুত থাকুক।"
এদিকে, ফ্রান্সের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেকেও বিশ্রাম দেওয়া হয়েছে। তিনি তার সতীর্থ আশরাফ হাকিমির সঙ্গে নিউইয়র্কে ছুটি কাটাচ্ছেন। ব্রাজিলিয়ান তারকা নেইমার বৃহস্পতিবার অনুশীলন করেননি। তাকেও ফরাসি লিগের ম্যাচে পাওয়া যাবে না।
































