রাত পোহালে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। তবে তার আগের দিন হোম অফ ক্রিকেট মিরপুরে হয়ে গেল ট্রফি উন্মচোন অনুষ্ঠান। ট্রফি উন্মোচনে সব দলের অধিনায়ক থাকলেও ছিলেন না ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। তার জায়গায় বরিশালের হয়ে এসেছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
তবে বিকাল ৩টায় ট্রফি উন্মোচন হওয়ার কথা থাকলেও অন্তত এক ঘণ্টার বেশি দেরী হয়েছে। বাকি ছয় দলের অধিনায়ক উপস্থিত থাকলেও রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান উপস্থিত হতে দেরী করায় এই সমস্যা তৈরি হয়।
এরপর সাত দলের অধিনায়ক হাসিমুখেই উন্মোচন করেন নবম বিপিএলের ট্রফি। এরপর একসাথে সাংবাদিকদের মুখোমুখিও হন তারা।
সেখানে প্রত্যেকেই শিরোপা জয়ের ব্যাপারে নিজেদের প্রত্যাশা ব্যক্ত করেন। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস বলেন, “কুমিল্লা সবসবময় চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়ে। এবারও একই লক্ষ্য, আমরা চেষ্টা করবো শিরোপা ধরে রাখার জন্য।
তবে তার জন্য শুধু কগজে-কলমে ভালো দল হলে হবে না মাঠেও ভালো ক্রিকেট খেলতে হবে বলেও মনে করিয়ে দেন ইমরুল। “আমি সবসময় বলি, শুধু শক্তিমত্তায় নয় শিরোপা ধরে রাখতে মাঠেও ভালো খেলতে হবে” যোগ করেন দুইবারের বিপিএল শিরোপাজয়ী অধিনায়ক।
সাকিবের বদলি বরিশালের প্রতিনিধি হয়ে আসা মেহেদী হাসান মিরাজ বলেন, তিনি কখনো ক্যারিয়ারে বিপিএল জেতেননি, এবার সেই আক্ষেপ ঘোচাতে চান।
মিরাজ বলেন, “আমি দুইবার ফাইনালে খেলেছিল কিন্তু একবারও চ্যাম্পিয়ন হতে পারিনি। অবশ্যই লক্ষ্য থাকবে শিরোপা জেতার জন্য। চ্যাম্পিয়ন হতে পারলে অবশ্যই ভালো লাগবে।”
এবারই প্রথম বিপিএলে অধিনায়কত্ব করছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম। তিনি বলেন, “সবার যে লক্ষ্য আমাদেরও একই অলক্ষ্য, চ্যাম্পিয়ন হওয়া।”
শুভাগতর মতো নুরুল হাসান সোহানও এবার প্রথম বিপিএলে অধিনায়কত্ব করবেন। রংপুর রাইডার্সের অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া সোহান বলেন, “অবশ্যই আশা থাকবে চ্যাম্পিয়ন হওয়ার। ট্রফি এখনও ধরিনি, আশা করি চ্যাম্পিয়ন হলে তখনই ধরবো। আমাদের দল তারুণ্য নির্ভর, দারুণ ব্যালেন্স আছে। যদি মাঠে খেলতে পারি তাহলে ভালো কিছু হবে।”
ঢাকা ডমিটেরসের অধিনায়ক নাসির হোসেন বলেন, “আমাদের লক্ষ্য অবশ্যই চ্যাম্পিয়ন হওয়া। আশা করি ভালো একটা ফল আসবে। বিপিএল আমাদের জন্য পারফর্ম করে ক্যারিয়ার এগিয়ে নেওয়ার জন্য ভালো একটা সুযোগ, তো সেখানেই আমার মনোযোগ থাকবে। এর সাথে দল যেন ভালো করে সেটাও দেখতে হবে।
অনেকটা চমক হিসেবেই খুলনা টাইগার্সের দায়িত্ব পেয়েছেন তরুণ ব্যাটার ইয়াসির আলি চৌধুরি রাব্বি। তবে অধিনায়কত্ব পেয়ে দারুণ উচ্ছসিত বলেও জানান তিনি।
রাব্বি বলেন, “নার্ভাস না তবে উচ্ছ্বসিত। আমার জীবনে নতুন জিনিস, বিপিএলের মতো আসরে নতুন একটা দায়িত্ব পেয়েছি। চেষ্টা করবো ভালো কিছু করার।
তবে সবাই থাকলেও সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সময় ছিলেন না সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।



























