বাতাসে শঙ্কা, মাঠে লড়াই—নির্ধারিত সময়েই বিশ্বকাপ ফাইনাল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬, ০৪:৩২ পিএম
বাতাসে শঙ্কা, মাঠে লড়াই—নির্ধারিত সময়েই বিশ্বকাপ ফাইনাল

বিশ্বকাপের ফাইনালকে ঘিরে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই নতুন এক উদ্বেগ সামনে এসেছে। কানাডার দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে বায়ুর মানের অবনতি হওয়ায় বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে ফিফা ও যুক্তরাষ্ট্র সরকার।

সিবিএস স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনালের আগে বায়ুর মান পর্যবেক্ষণে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

বর্তমানে নির্ধারিত সূচি অনুযায়ীই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে ম্যাচ শুরুর আগ পর্যন্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

কানাডা-মিনেসোটা সীমান্তের কাছে শতাধিক দাবানলের ধোঁয়া উত্তর-পূর্ব যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে এর প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। পরিবেশগত কারণে এমএলএসের শিকাগো ফায়ার ও ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের ম্যাচ স্থগিত করা হয়েছে।

হোয়াইট হাউসও বিষয়টিকে বিশ্বকাপ আয়োজকদের অন্যতম প্রধান উদ্বেগ হিসেবে স্বীকার করেছে।

হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের একজন কর্মকর্তা ফিফার সদর দপ্তরে কাজ করছেন এবং আমরা পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছি।

নিউইয়র্ক সিটি এফসির ডিফেন্ডার কেভিন ও'টুল জানান, অনুশীলনের সময় ধোঁয়ার প্রভাব তিনি অনুভব করেছেন। তবে এত বড় ম্যাচ আয়োজনে এটি বাধা হবে বলে তিনি মনে করেন না।

কেভিন বলেন, ‘আজ সকালে অনুশীলনে গিয়ে দেখেছি বায়ুর মান অবশ্যই একটি বিষয় ছিল। তবে এটি আমাকে অনুশীলন থেকে বিরত রাখেনি।’

আপাতত সূচিতে পরিবর্তনের ভাবনা নেই কর্তৃপক্ষের। এ মুহূর্তে ফিফা বিশ্বকাপ ফাইনালের সূচিতে কোনো পরিবর্তনের কথা ভাবছে না। তবে ম্যাচ শুরুর আগে পর্যন্ত স্বাস্থ্য ও আবহাওয়া বিশেষজ্ঞরা বায়ুর মান নিয়মিত মূল্যায়ন করবেন।

Link copied!