রাজধানী ঢাকায় গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। গতকাল শনিবার রাত থেকে বৃষ্টির তীব্রতা আরও বেড়েছে। আজ রবিবার ভোরে কয়েক ঘণ্টা টানা অঝোর ধারায় বৃষ্টি ঝরেছে। এখনো থেমে থেমে হচ্ছে বৃষ্টি।
রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, বৃষ্টিতে ফার্মগেট, ধানমন্ডি ২৭, ধানমন্ডি ৩২, তেজতুরী বাজার, শুক্রবাদ ও মনিপুর উচ্চবিদ্যালয়সহ এসব এলাকার আশপাশের অলিগলি পানিতে ডুবে গেছে। বৃষ্টি মাথায় নিয়েই নানা শ্রেণি-পেশার মানুষকে গন্তব্যে ছুটতে দেখা গেছে।
রাজধানীর কিছু এলাকার পানি অলিগলি ছাড়িয়ে প্রধান সড়কেও উঠে পড়েছে। কিছু এলাকায় হাঁটু, কোথাও কোমরসমান পানি দেখা গেছে। রাজধানীর সড়কগুলো থইথই পানিতে বাসা থেকে বের হয়ে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।
আশিকুর রহমান নামে এক বাসিন্দা ধানমন্ডির জিগাতলা থেকে সকাল ৮টায় রওয়ানা দিয়ে সাড়ে ৯টায় কাওরান বাজার অফিসে এসে পৌঁছেছেন। সড়কগুলোতে থইথই পানির সঙ্গে জ্যাম ভোগান্তি আরও কয়েকগুন বাড়িয়েছে বলে জানান তিনি।
আশিকের ভাষ্য, বৃষ্টি হলেই রাজধানী ঢাকার জলাবদ্ধতার এই চিত্র নতুন কিছু নয়।
নাজনিন রহমান নামে এক বেসরকারি চাকরিজীবী তেজতুরীর বাজারের বাসা থেকে বের হয়ে সড়কে দেখেন হাঁটু সমান পানি। ময়লা ও নোংরা পানি মাড়িয়ে কোনোরকম গন্তব্যে পৌঁছেছেন তিনি।
মেহেদী হাসান নামে এক বাসিন্দা জানিয়েছেন, রাস্তায় পানি জমে থাকায় মণিপুরী পাড়া থেকে আসাদগেট হয়ে কারওয়ান বাজারে তিনি ৪০০ টাকা ভাড়া দিয়ে এসেছেন। মণিপুরী পাড়ার ভেতরের গলিতেও পানি জমে গেছে বলে তিনি জানান। সাধারণত এসব রাস্তায় পানি জমে না।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিন সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ১টা পর্যন্ত সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। ঢাকায় দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।






































