বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত পুরস্কার ফিফা বিশ্বকাপ ট্রফি। এবারও পৌঁছাবে ফাইনালের ভেন্যুতে বিশেষ আয়োজনে।
সুইজারল্যান্ডের জুরিখে সংরক্ষিত ট্রফিটি নিউ ইয়র্ক-নিউ জার্সির ফাইনাল ভেন্যুতে নেওয়া হবে বিশেষভাবে তৈরি লুই ভিতঁর বিলাসবহুল ট্রাংকে।
বিশ্বকাপ ট্রফি বহনের জন্য ট্রাংকটি ডিজাইন করেছে ফরাসি বিলাসবহুল ফ্যাশন হাউস লুই ভিতঁ। ট্রাংকটির সামনের অংশে রয়েছে সোনালি রঙের ‘ভি’ অক্ষর, যা ‘ভিক্টরি’ ও ‘ভিতঁ’-এর প্রতীক। এ ছাড়া এতে ব্যবহার করা হয়েছে ব্র্যান্ডটির স্বাক্ষর মনোগ্রাম প্যাটার্ন এবং সোনার প্রলেপ দেওয়া পিতলের কর্নার প্রোটেক্টর।
ট্রাংকটির ভেতরের অংশ বেইজ রঙের চামড়ায় মোড়ানো। লুই ভিতঁ ও ফিফার দীর্ঘদিনের অংশীদারত্বের স্মারক হিসেবে এতে একটি বিশেষ প্যাঁচও যুক্ত করা হয়েছে।
সাধারণত মূল বিশ্বকাপ ট্রফিটি সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা মিউজিয়ামে সংরক্ষিত থাকে। ফাইনাল ম্যাচ উপলক্ষে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ট্রফিটি বিশেষ এই ট্রাংকে করে স্টেডিয়ামে আনা হবে।
এবার নিয়ে টানা পঞ্চমবারের মতো বিশ্বকাপ ট্রফি বহনের ট্রাংক ডিজাইন করল লুই ভিতঁ। এর আগে ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপেও একই দায়িত্ব পালন করেছিল ফরাসি প্রতিষ্ঠানটি।



































