মহাটক্কর দুই প্রজন্মের দুই মহাতারকারও


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ১০:০৭ এএম
মহাটক্কর দুই প্রজন্মের দুই মহাতারকারও

শিরোপার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী দুই লাতিন পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা মুখোমুখি হলে সেই অমৃতের সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা করা অর্থহীন। তবে আর্জেন্টিনা-স্পেন মহারণকেও স্বপ্নের ফাইনাল বললে অতিশয়োক্তি হবে না। বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম দুই মহাদেশের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তি।

বাংলাদেশ সময় ১৯ জুলাই রাত ১টায় নিউইয়র্ক-নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের ব্লকবাস্টার ফাইনালে মুখোমুখি হবে একমেবাদ্বিতীয়ম লিওনেল মেসির আর্জেন্টিনা ও লামিনে ইয়ামালের স্পেন। গত পরশু রাতে আটলান্টায় অগ্নিগর্ভ দ্বিতীয় সেমিফাইনালে প্রবল প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় ও সব মিলিয়ে সপ্তমবার ফাইনালে উঠেছে বিশ্বকাপ ও কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

আগের রাতে ডালাসে প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর ফাইনালের টিকিট কাটে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন ও বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন।

দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের প্রথম ফাইনালে রোমাঞ্চের রসদের কোনো কমতি নেই। স্পেনের সাবেক উপনিবেশ আর্জেন্টিনার মানুষ কথা বলেন স্প্যানিশ ভাষায়। ১৯৩০ সালে বিশ্বকাপের প্রথম আসরে উরুগুয়ে-আর্জেন্টিনা ফাইনালের পর এই প্রথম শিরোপার লড়াইয়ে মুখোমুখি স্প্যানিশ ভাষায় কথা বলা দেশ। বিশ্বকাপ শুরুর আগে র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা দুই দলও এই প্রথম মুখোমুখি হচ্ছে ফাইনালে।

তবে সব ছাপিয়ে এই ম্যাচের প্রধান আকর্ষণ হতে যাচ্ছে ফুটবল মাঠে দুই প্রজন্মের দুই মহাতারকা মেসি ও ইয়ামালের প্রথম সাক্ষাৎ। দুজনের প্রথম দেখা হয়েছিল ২০০৭ সালের ডিসেম্বরে বার্সেলোনার ন্যুক্যাম্পে ইউনিসেফের একটি চ্যারিটি ফটোশুটে। ছয় মাসের শিশু ইয়ামালকে বাথটাবে গোসল করিয়ে দিচ্ছেন ২০ বছরের উঠতি তারকা মেসি-ফুটবলীয় রূপকথায় জায়গা করে নেওয়া ছবিটি ভাইরাল হয় দুই বছর আগে।

ইয়ামালের বাবা-মা লটারিতে জিতে মেসির সঙ্গে তাদের শিশু সন্তানের ছবি তোলার সুযোগ পেয়েছিলেন। বিষয়টি কাকতালীয় হলেও নিয়তির অদ্ভুত খেয়ালে এক সময় বার্সেলোনায় মেসির রেখে যাওয়া ১০ নম্বর জার্সি ওঠে সেই ইয়ামালের গায়ে।

ভেন্যু নিয়ে জটিলতায় দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের ফিনালিসিমা ম্যাচ বাতিল না হলে গত মার্চে দেখা হতো বার্সেলোনার অতীত ও বর্তমানের। কিন্তু ফুটবল বিধাতার চিত্রনাট্যে লেখা ছিল, মাঠে ৩৯ বছর বয়সি মেসি ও ১৯ বছর বয়সি ইয়ামালের প্রথম সাক্ষাৎ হবে বিশ্বকাপ ফাইনালে।

বিশ্বকাপ শুরুর আগে নিজের আদর্শের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নিয়ে স্পেনের তরুণ সেনাপতি ইয়ামাল বলেছিলেন, ‘সেই ফটোশুটের পর আমরা দুজনই আরও বড় ও পরিণত হয়েছি। আশা করি, মাঠে আমাদের প্রথম দেখা হবে বিশ্বকাপ ফাইনালে।’

ইয়ামালের স্বপ্নপূরণ হয়েছে। এবার তার স্বপ্নভঙ্গের কারণও হতে পারেন মেসি! আট গোল ও চার অ্যাসিস্টে এবারের আসরের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র আর্জেন্টাইন জাদুকর। ১৩ বছর বয়সে বার্সেলোনায় পাড়ি জমানো মেসির ‘দ্বিতীয় ঘর’ স্পেন। স্প্যানিশ পাসপোর্টও আছে আর্জেন্টিনা অধিনায়কের। মেসি যেমন স্প্যানিশ ফুটবলকে সমৃদ্ধ করেছেন, তেমনি স্পেনের কাছেও তার অনেক ঋণ। কিন্তু বিশ্বকাপ ফাইনালে সব ভুলে মেসি লড়বেন শুধু শিরোপার জন্য। ইয়ামালও নিজের হিরোকে একচুল ছাড় দেবেন না।

Link copied!