সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৬ সালের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্যায় রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।
স্থগিত হওয়া পরীক্ষার মধ্যে রয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের অধীন এইচএসসি পরীক্ষা, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষা এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর সংশোধিত সময়সূচি পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।
তবে অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষা এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম শিক্ষা বোর্ড-সংশ্লিষ্ট জেলা ছাড়া দেশের অন্যান্য সব জেলার পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।








































