আর্জেন্টিনা-স্পেন ফাইনালের দায়িত্ব পেয়ে কেঁদেই ফেললেন রেফারি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ১১:০২ এএম
আর্জেন্টিনা-স্পেন ফাইনালের দায়িত্ব পেয়ে কেঁদেই ফেললেন রেফারি

বিশ্বকাপ ফাইনালে রেফারিং বলে কথা। যে টুর্নামেন্টের জন্য পুরো বিশ্ব বুঁদ হয়ে থাকে, কোটি কোটি ফুটবলপ্রেমীরা টিভি সেটের সামনে বসে থাকেন, তাঁর চূড়ান্ত পরিণতি এই বিশ্বকাপ ফাইনাল। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারি হিসেবে নিজের নাম শুনতেই আবেগে কেঁদে ফেললেন স্লাভকো ভিনচিচ।

ফিফা আজ সকালে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে রেফারির নাম ঘোষণা করেছে। ভিডিওতে দেখা গেছে, একটা হলরুমে বসে আছেন অনেক রেফারি। আলোকচিত্রীরা নাম ঘোষণার সেই অনুষ্ঠানে ছবি তুলছেন ও ভিডিও করছেন। এক জনের বক্তব্যে শোনা গেছে, ‘সবুজ ও সাদার মিশ্রণের এই জার্সি পরাটা আসলেই অন্যরকম ব্যাপার। আশা করি, আপনারা আমার সঙ্গে একমত হবেন। এটা আসলেই দারুণ ব্যাপার এবং ফাইনালের রেফারি হতে যাচ্ছেন স্লাভকো ভিনচিচ।’


আর্জেন্টিনা-স্পেন ফাইনালে যখন রেফারি হিসেবে ভিনচিচের নাম ঘোষণা করা হলো, তখন অন্যরা তাঁকে জড়িয়ে ধরেছেন। করতালিতে ফেটে পড়ে হলরুম। তিনিও চোখের পানি ধরে রাখতে পারেননি। স্লোভেনিয়ান এই রেফারি নিজের নাম সংবলিত পোশাক সবার সামনে মেলে ধরেছেন। বাংলাদেশ সময় আজ সকাল ৮টা ৫৩ মিনিটে ভিনচিচের নাম ঘোষণার ভিডিও প্রকাশ করেছে ফিফা। ৩০ সেকেণ্ডের সেই ভিডিওতে ৩২ মিনিটে আড়াই হাজারেরও বেশি প্রতিক্রিয়া এসেছে।


আর্জেন্টিনার বিশ্বকাপ ম্যাচে এবারই যে ভিনচিচ প্রথম, তা নয়। ২০২২ সালে আর্জেন্টিনা-সৌদি আরব ম্যাচেও তিনি রেফারি ছিলেন। সেই ম্যাচ আর্জেন্টাইনরা ২-১ গোলে হেরেছিল। তারপর থেকে বিশ্বকাপে টানা ১৩ ম্যাচ জিতেছে আর্জেন্টিনা।

নিউজার্সিতে পরশু স্পেন দ্বিতীয় বিশ্বকাপ জিততে মাঠে নামবে। এর আগে ২০১০ সালে একবারই ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়েছিল স্প্যানিশরা। আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। যদি আলবিসেলেস্তেরা রোববার চ্যাম্পিয়ন হয়, তাহলে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার কীর্তি গড়বে স্কালোনির দল। এর আগে ইতালি-ব্রাজিলের ছিল এমন কীর্তি।

Link copied!