শেষ মুহূর্তে ‘গোপন অস্ত্র’ সামনে আনবেন স্কালোনি?


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০২:১৭ পিএম
শেষ মুহূর্তে ‘গোপন অস্ত্র’ সামনে আনবেন স্কালোনি?

ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে বুধবার (১৫ জুলাই) রাতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে কানসাস সিটিতে শেষ অনুশীলন শেষে আটলান্টায় পৌঁছেছে লিওনেল স্কালোনির দল। ফাইনালের টিকিট নিশ্চিতের লড়াইয়ে আর্জেন্টিনার একাদশে দুটি পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

সোমবারের অনুশীলনে আর্জেন্টিনার খেলোয়াড়রা শুরুতে হালকা ওয়ার্ম-আপ করেন। এরপর বল নিয়ে ছোট পরিসরের অনুশীলন এবং একটি সংক্ষিপ্ত প্রস্তুতি ম্যাচে অংশ নেন তারা। তবে স্কালোনি এখনো সম্ভাব্য শুরুর একাদশ নিয়ে কোনো নির্দিষ্ট পরিকল্পনা প্রকাশ করেননি।

ধারণা করা হচ্ছে, ম্যাচের আগের দিন আটলান্টায় শেষ অনুশীলন সেশনেই দলের কৌশল, রক্ষণভাগের পরিকল্পনা এবং সেট-পিস নিয়ে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করবেন আর্জেন্টিনার কোচ।

সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে জেতা ম্যাচে আর্জেন্টিনার পারফরম্যান্স প্রত্যাশামতো ছিল না। প্রতিপক্ষ ১০ জনের দলে পরিণত হওয়ার পরও জয় পেতে বাড়তি ৩০ মিনিট খেলতে হয়েছে। সেই মলিন পারফরম্যান্সের পরেও কোচ স্কালোনি তার চেনা ও নিয়মিত একাদশের ওপরই ভরসা রাখতে পারেন।   

মিশরের বিপক্ষে যে একাদশ খেলিয়েছিলেন, সুইজারল্যান্ডের বিপক্ষেও একই দল নামিয়েছিলেন স্কালোনি। তার মতে, মিশরের বিপক্ষে দলটি ম্যাচ নিয়ন্ত্রণ করেছে, সুযোগও তৈরি করেছে। সমস্যা ছিল মূলত গোলের সামনে ব্যর্থতা এবং কয়েকটি রক্ষণাত্মক ভুল।

তবে ইংল্যান্ডের বিপক্ষে কিছু পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে মিডফিল্ডের পারফরম্যান্স নিয়ে কোচিং স্টাফ পুরোপুরি সন্তুষ্ট নয়। যদিও চোট নয়, ক্র্যাম্পের কারণে  লিয়ান্দ্রো পারেদেস কিছুটা ভুগলেও বড় কোনো সমস্যা নেই।

টিওয়াসি স্পোর্টসের প্রতিবেদন, কিছুটা রদবদল বা কৌশলগত পরিবর্তন আসতে পারে দলে। ডান প্রান্তে নাহুয়েল মোলিনার জায়গায় জায়গায় সুযোগ পেতে পারেন মন্টিয়েল। আর মাঝমাঠে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের পরিবর্তে দেখা যেতে পারে নিকোলাস গনসালেসকে।

তবে শেষ পর্যন্ত কী হবে, তা এখনই নিশ্চিত নয়। কারণ স্কালোনির পুরনো অভ্যাসই হলো একাদশ গোপন রাখা। ম্যাচের আগে ড্রেসিংরুমে শেষ দলীয় বৈঠক না হওয়া পর্যন্ত নিজের পরিকল্পনা প্রকাশ করতে চান না তিনি। ফলে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনা কোন একাদশ নিয়ে মাঠে নামবে, সেটি জানতে অপেক্ষা করতে হবে ম্যাচ শুরুর ঠিক আগ পর্যন্ত।

Link copied!