বিশ্বকাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়মিত দেখা যাবে বলে অনেকেই ধারণা করেছিলেন। কিন্তু গ্রুপ পর্বে তিনটি ম্যাচের মধ্যে দুটিতে জিতে নকআউট পর্বে উঠেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র, তবু একটি ম্যাচেও মাঠে দেখা যায়নি ট্রাম্পকে। অনেকে প্রশ্ন তুলছেন বিশ্বকাপ থেকে তিনি কি কারণে দূরে আছেন।
৩২ বছর পর যুক্তরাষ্ট্র আবারও বিশ্বকাপ আয়োজন করছে, অথচ টুর্নামেন্টের অর্ধেক পেরিয়ে গেলেও বর্তমান প্রেসিডেন্ট মাঠ থেকে দূরেই রয়েছেন।
এই মাসের শুরুতে ফিফার টিকিট বিক্রির প্রশংসা করে ট্রাম্প বলেছিলেন এটি এখন পর্যন্ত সবচেয়ে সফল বিশ্বকাপ। তার এই উৎসাহ দেখে সবাই ধরে নিয়েছিল তিনি মাঠে সরব উপস্থিতি রাখবেন। টুর্নামেন্টের আগেও বিষয়টি তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। গত বছর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার সময় এক র্যালিতেও বিশ্বকাপের প্রসঙ্গ টেনেছিলেন তিনি। এ ছাড়া গত ডিসেম্বরে ওয়াশিংটনে অনুষ্ঠিত ড্রতে কেন্দ্রীয় ভূমিকা রেখেছিলেন ট্রাম্প।
দ্বিতীয় মেয়াদে ট্রাম্প যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বড় ক্রীড়া আয়োজনেও নিয়মিত হাজির ছিলেন — সুপার বোল, গত গ্রীষ্মের ক্লাব বিশ্বকাপ ফাইনাল এবং বেথপেজে রাইডার কাপের উদ্বোধনী দিনে।
১২ জুন লস অ্যাঞ্জেলেসে উদ্বোধনী অনুষ্ঠানের পর স্বাগতিক যুক্তরাষ্ট্র যখন প্যারাগুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলে, তখন মাঠে ট্রাম্পের পরিবর্তে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দুই দিন পর হোয়াইট হাউসের লনে আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের একটি অনুষ্ঠানকেই ট্রাম্প প্রাধান্য দিয়েছিলেন, যেটি একই সঙ্গে তার ৮০তম এবং আমেরিকার ২৫০তম জন্মদিনের উৎসব ছিল।





































