ব্যস্ততা থেকে একটু বিরতি। কংক্রিটের শহর ছেড়ে নীল সমুদ্রের কাছে গিয়ে যেন নিজেকে নতুন করে খুঁজে পেলেন নুসরাত ফারিয়া। তপ্ত গরমে সমুদ্রস্নান আর সৈকতের নির্মল বাতাসে কাটানো কিছু মুহূর্তের ছবি তিনি শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে।
শনিবার রাতে ফেসবুক পেজে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী। ছবিগুলোতে দেখা যায়, কখনো সমুদ্রতটে হেঁটে বেড়াচ্ছেন, কখনো সৈকতের বালুকাবেলায় দাঁড়িয়ে উপভোগ করছেন প্রকৃতির অপার সৌন্দর্য। ছবিগুলোয় ফুটে উঠেছে ছুটির আমেজ আর একরাশ স্বস্তির অনুভূতি।
ছবিগুলো পোস্ট করে ফারিয়া সংক্ষিপ্ত ক্যাপশনে লিখেছেন, ‘গ্রীষ্মকাল যেভাবে কাটছে।’ যদিও ছবিগুলো কোন সমুদ্রসৈকতে তোলা, সে বিষয়ে কিছু জানাননি তিনি। তবে লোকেশন গোপন থাকলেও ছবিগুলো প্রকাশের পরপরই শুরু হয় ভক্তদের উচ্ছ্বাস। অল্প সময়েই পোস্টটিতে হাজারের উপরে প্রতিক্রিয়া জমা পড়ে। অনেকেই মন্তব্যে অভিনেত্রীর সৌন্দর্য, স্টাইল এবং ছুটির মুহূর্তগুলোর প্রশংসা করেছেন।
বড় পর্দায় নুসরাত ফারিয়াকে দেখা যাচ্ছে না বেশ কিছুদিন। সর্বশেষ গত বছরের ঈদে মুক্তি পেয়েছিল এই অভিনেত্রীর ‘জ্বীন–৩’। এরপর নতুন কোনো চলচ্চিত্র মুক্তি না পেলেও বিনোদন অঙ্গন থেকে দূরে নেই তিনি। অভিনয়ের পাশাপাশি সংগীত নিয়েও নিয়মিত কাজ করছেন ফারিয়া। চলতি বছর ঈদের আগে প্রকাশ পেয়েছে তার নতুন গান ‘লোকে বলে’। গানটি প্রকাশের পর শ্রোতাদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পেয়েছেন তিনি।







































