ফুটবলে জয়-পরাজয়ের বাইরে ড্র বলে একটা ব্যাপার আছে, সেটাও মাঝেমধ্যে বিস্ময়কর ঘটনার জন্ম দেয়। কখনো কখনো কোনো ম্যাচ না জিতেও ইতিহাস গড়া যায়। চলতি বিশ্বকাপে ঠিক এই অবিশ্বাস্য কাণ্ডটিই ঘটিয়েছে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। গ্রুপ পর্বের তিনটি ম্যাচের একটিতেও তারা হারেনি, আবার জেতেওনি। টানা তিন ড্র করে কোনো জয় ছাড়াই গ্রুপ ‘এইচ’ থেকে বিশ্বকাপের শেষ ৩২-এর টিকিট কেটেছে তারা।
মাত্র ৫ লাখ জনসংখ্যার এই দেশটি এবারই প্রথম ফুটবল বিশ্বকাপের মূল মঞ্চে খেলার যোগ্যতা অর্জন করেছে। আর নিজেদের অভিষেক আসরেই পরাশক্তিদের চোখে চোখ রেখে নকআউট পর্বে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে ‘ব্লু শার্কস’রা। তবে তাদের নকআউটে ওঠার পথটি মোটেও সহজ ছিল না। গ্রুপ পর্বে তাদের লড়তে হয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ও এশিয়ান শক্তির বিপক্ষে।
প্রথম ম্যাচেই ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের শক্তিশালী আক্রমণভাগকে রুখে দিয়ে গোলশূন্য ড্র করে সবাইকে চমকে দেয় কেপ ভার্দে। দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় এবং ২-২ ব্যবধানে রোমাঞ্চকর ড্র ছিনিয়ে নেয়। গ্রুপের শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে আরেকটি গোলশূন্য ড্র করে নকআউট নিশ্চিত করে দলটি। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে স্পেন (৭ পয়েন্ট) এর পেছনে থেকে টেবিলের দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে পা রেখেছে কেপ ভার্দে।
বিশ্বকাপের ইতিহাসে কেপ ভার্দেই নকআউট পর্বে পৌঁছানো সবচেয়ে ছোট দেশ। বিশ্বকাপে ৩ ম্যাচে ৩ ড্র করে পরের রাউন্ডে যাওয়ার ঘটনা একেবারেই বিরল নয়। ১৯৫৮ সালে ওয়েলস, ১৯৯০ সালে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস এবং ১৯৯৮ সালে চিলি কোনো জয় ছাড়াই তিনটি ড্র করে গ্রুপ পর্ব পার হতে পেরেছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো কেপ ভার্দের নাম। বিপরীতে ২০১০ বিশ্বকাপে নিউজিল্যান্ড ৩ ড্র করেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল।
গ্রুপ পর্বের এই রূপকথার পর কেপ ভার্দের সামনে এখন বিরাট চ্যালেঞ্জ। শেষ ৩২-এর ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা। দলটির ৪০ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা ম্যাচ শেষে বলেন, ‘আমরা দেশ হিসেবে ছোট হতে পারি, কিন্তু আমাদের হৃদয়টা অনেক বড় এবং আমরা শেষ পর্যন্ত লড়াই করতে জানি।’ কোনো জয় ছাড়া নকআউটে আসা এই ছোট দেশটি লিওনেল মেসির আর্জেন্টিনার বিপক্ষে কোনো নতুন চমক দেখাতে পারে কি না, এখন সেটাই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।




































